মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক উন্নয়নকর্মী ও তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। উন্নয়নকর্মীর স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পোড়াগাছি এলাকায় মাগুরা-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন সঞ্জয় দাস (৩৮) ও তাঁর মেয়ে কৃষ্ণা দাস (৬)।

আহত হয়েছেন তৃপ্তি দাস (২৮)। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সঞ্জয় যশোরের ঝিকড়গাছায় জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মী ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের ফুলবাড়িয়া গ্রামে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, স্ত্রী-মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঝিকড়গাছার কর্মস্থল থেকে শালিখায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সঞ্জয়। সকাল নয়টার দিকে পোড়াগাছি এলাকায় যাত্রীবাহী একটি বাসকে পাশ কাটাতে গিয়ে সঞ্জয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতরভাবে আহত হন। তিনজনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সঞ্জয় ও তাঁর মেয়ে কৃষ্ণার মৃত্যু হয়। তৃপ্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।