
মাগুরা পৌরসভার দোয়ারপাড় কারিকরপাড়া এলাকায় প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার স্থানীয় লোকজন ওই সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই এলাকায় সড়কের ৭৭১ মিটার পাকা করা হচ্ছে। গতকাল সকালে এলাকার লোকজন নির্মাণকাজে অনিয়মের বিষয়টি তদারকিতে থাকা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রওনক হাসানকে জানান। কিন্তু তিনি ওই ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে ওই প্রকৌশলী নির্মাণকাজের খোয়া ও বালুর অনুপাত পরীক্ষা করেন। এতে দেখা যায়, দরপত্র অনুযায়ী খোয়া ও বালুর অনুপাত ১: ১ (এক ঝুড়ি বালু ও এক ঝুড়ি খোয়া) হওয়ার কথা। কিন্তু সেখানে ১: ২ অনুপাতে খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন সড়কের ইটের গাঁথুনিতে ব্যবহৃত বালু-সিমেন্টের অনুপাত নিয়েও প্রশ্ন তোলেন। সেখানে ৩: ১ (তিন বস্তা বালুতে এক বস্তা সিমেন্ট) অনুপাতে বালু ও সিমেন্ট ব্যবহার করার কথা। কিন্তু ব্যবহার করা হয়েছে ৮: ১ অনুপাত। তাঁরা অভিযোগ করেন, খুবই নিম্নমানের খোয়া ও বালুর ব্যবহার হচ্ছে। এ ছাড়া দরপত্র অনুযায়ী সড়ক চওড়া করা হচ্ছে না। একপর্যায়ে তাঁরা সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দা এনামুল করিম, সিদ্দিকুর রহমানসহ অন্তত সাতজন বলেন, এখানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার। দরপত্রের শর্তানুযায়ী রোলার ব্যবহার করে বালু জমাট করার কথা। কিন্তু তা না করে শুধু পানি ব্যবহার করে বালু জমাট করা হচ্ছে। এ ছাড়া পুরোনো ময়লা বালু ও পুরোনো ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।
জিজ্ঞেস করা হলে ঠিকাদার মো. শহিদুল ইসলাম বলেন, ‘সঠিকভাবে কাজ করছি। রোলার না পাওয়ায় কমপ্রেশনে সমস্যা হচ্ছিল। পরে রোলার এনেছি। তবে বালুতে পানি দেওয়ায় রোলার দেবে যাওয়ায় কাজ করা যাচ্ছে না।’
পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রওনক হাসান বলেন, নির্মাণকাজে কিছু সমস্যা আছে। তবে কাজ যেন ভালো হয়, সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চলছে।
পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, ‘দোয়ারপাড় কারিকরপাড়া এলাকায় দুটি সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ পেয়েছি। মৌখিকভাবে ঠিকদারকে বিষয়টি জানিয়েছি। মানের ব্যাপারে কোনো ছাড় নেই। নিম্নমানের কোনো কাজ আমরা বুঝে নেব না।’