মাগুরায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের আবদুর রউফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মাগুরার জেলা ও দায়রা জজ মাহফুজা বেগম আজ বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরালিদহ গ্রামের মো. মোহন, সুরত আলী, আবুল হাসেম ও মো. পারভেজ। তাঁদের মধ্যে পারভেজ পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে মাগুরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল হোসেন বলেন, ২০১১ সালের ১৪ জুলাই দুপুরে পূর্ববিরোধের জের ধরে মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের আবদুর রউফ মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর নিহত ব্যক্তির ছেলে রিপন মোল্লা বাদী হয়ে আটজনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ চার আসামিকে যাবজ্জীবন এবং অন্য চারজনকে অভিযোগ থেকে খালাস দিয়ে রায় দেন।