মাগুরায় হরতালে সংঘর্ষে ছাত্রদলকর্মী নিহত
মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে মারুফ সরকার (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ বলে চিকিত্সক জানিয়েছেন।
এদিকে নিহত মারুফকে নিজ সংগঠনের কর্মী বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম।
গুলিবিদ্ধ অবস্থায় চিকিত্সাধীন শামীম আহমেদ জানান, মারুফ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক অরুণ কান্তি ঘোষ জানান, মারুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুলির আঘাতে মারা গেছেন কি না, তা তিনি নিশ্চিত নন। ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের পক্ষে মিছিল ও মহড়া দেওয়ার জন্য মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারে শত শত মানুষ জড়ো হচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা ধাওয়া দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার পুলিশ রাবার বুলেট ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে। তারা জানায়, সংঘর্ষের সময় শরকির (দেশীয় অস্ত্র) আঘাতে মারুফের মৃত্যু হতে পারে।