মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল বুধবার বিএনপির এক নেতাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পেটানো হয়েছে। আহত ব্যক্তির নাম মুন্সি রেজাউল করিম। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। রেজাউল করিম অভিযোগ করেন, রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছে।মুন্সি রেজাউল করিমের অভিযোগ, একটি মামলায় হাজিরা দিতে গতকাল সকালে তিনি উপজেলা সদরে মহিলা কলেজপাড়ার বাড়ি থেকে রিকশা-ভ্যানে করে মাগুরা জজ আদালতে যাচ্ছিলেন। পথে ওয়াপদা বটতলা এলাকায় শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে মঞ্জুর রহমান, ফারুক হোসেন, রইচউদ্দিন ও দাউদ হোসেনসহ দলের ২০-২৫ জন কর্মী তাঁকে আটক করে। এরপর হাতুড়ি ও লোহার রড দিয়ে তাঁকে বেদম পেটানো হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, রেজাউল করিমের ডান হাতের হাড় ভেঙে গেছে। এ ছাড়া আঘাতের কারণে তাঁর শরীরের কয়েকটি অংশ ফুলে উঠেছে।অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা মশিউর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছে। এর জের ধরে দলীয় প্রতিপক্ষরাই রেজাউল করিমের ওপর হামলা চালিয়েছে। এখন আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।’ শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেবেন।