মাগুরায় হামলায় তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার বাগডাঙায় গত বুধবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় পলাশ বিশ্বাস (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। মাগুরা সদর থানার ওসি শেখ আলমগীর হোসেন জানান, দুদিন ধরে বাগডাঙা গ্রামে সোনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠান চলছিল। বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই অনুষ্ঠানে অস্থায়ী দোকান থেকে খাবার কেনা নিয়ে কাটাখালি ও মালঞ্চ গ্রামের দুই যুবকের বচসা হয়। এ সময় মালঞ্চ গ্রামের যুবক লাঞ্ছিত হয়। এ ঘটনার জের ধরে মালঞ্চ গ্রামের কয়েকজন যুবক কাটাখালি গ্রামের তিন-চারজন যুবকের ওপর হামলা চালায়। হামলায় সৌম্যজিৎ বিশ্বাস (১৭) ও পলাশ বিশ্বাস আহত হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত পলাশ বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।