মাগুরায় ৪৪ লাখ টাকার দরপত্র জমা দিতে বাধা
মাগুরা শহরে গতকাল বুধবার প্রায় ৪৪ লাখ টাকার একটি ঠিকাদারি কাজের দরপত্র জমা দিতে পারেননি কয়েকজন ঠিকাদার। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বাধার মুখে তাঁরা দরপত্র জমা না দিয়েই ফিরে আসেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩ মার্চ জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার নির্বাচনী কার্যালয় নির্মাণের জন্য মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করে। এ কাজে প্রাক্কলন ব্যয় ৪৩ লাখ ৬০ হাজার টাকা। মাগুরা এলজিইডি কার্যালয় থেকে ২৬টি দরপত্র শিডিউল বিক্রি হয়েছে। গতকাল শেষ দিনে দরপত্র জমা পড়েছে পাঁচটি। এর মধ্যে একটি দরপত্র ছিল ছেঁড়া। মাগুরা শহরের দরিমাগুরা আদর্শপাড়ার বাসিন্দা ঠিকাদার মো. জামান আলী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে তিনি ওই কাজের দরপত্র জমা দিতে মাগুরা এলজিইডি কার্যালয়ে যান। সেখানে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবু রেজা ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী দরপত্র জমা দিতে বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা দরপত্রটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং ভয়ভীতি দেখান। পরে দরপত্র জমা না দিয়ে তিনি ফিরে আসেন। জানা গেছে, দরপত্র জমা দিতে না পেরে মাজহারুল হক নামে আরেক ঠিকাদার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে সহকারী প্রকৌশলী ও দরপত্র কমিটির সদস্য জাকারিয়া হোসেন প্রথম আলোকে বলেন, এখানে পুলিশ ও র্যাব ছিল। কিছু ঘটলে কার্যালয়ের বাইরে ঘটতে পারে।অভিযোগ অস্বীকার করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান বলেন, দরপত্র জমার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সাহা বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না জানি না। তবে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ এনে একজন ঠিকাদার লিখিত অভিযোগ করেছেন।এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘আমি জেলার বাইরে অবস্থান করছি। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত নন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু রেজা ওই ঘটনার সঙ্গে জড়িত বলে শুনেছি।’এ ব্যাপারে মুঠোফোনে আবু রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।