মাগুরায় ৬৬ অবৈধ ইটভাটায় পুড়ছে লাখ লাখ মণ কাঠ
মাগুরার চারটি উপজেলায় অন্তত ৭২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬৬টিই অনুমোদনহীন। ৪৯টি ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হয়। বেশির ভাগ ইটভাটা জনবসতিপূর্ণ এলাকায়, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে। এর কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ ধরনের ভাটা বন্ধে তাঁরা আবারও অভিযানে নামবেন।
জেলা প্রশাসকের দপ্তরের প্রধান নাজির হরসিৎ সিকদার প্রথম আলোকে বলেন, সদর উপজেলার এইচএনবি ব্রিকস, পিয়াল ব্রিকস, ফোর স্টার ব্রিকস, মোল্লা ব্রিকস; শালিখা উপজেলার তানিয়া ব্রিকস ও সৌদি ব্রিকসের অনুমোদন রয়েছে। অন্য ইটভাটাগুলোর নানা সমস্যা আছে। এ কারণে অনুমোদন দেওয়া হয়নি। সেগুলো অবৈধভাবে চালানো হচ্ছে।
তবে ইটভাটা মালিক সমিতির দাবি, জেলায় ২৩টি জিগজ্যাগ (কয়লা ব্যবহার করা হয়) ইটভাটা রয়েছে। এসব ভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হয়। এ ছাড়া পাকা চিমনির ভাটা রয়েছে ১০টি আর ব্যারেল চিমনির ইটভাটা রয়েছে ৩৯টি। এসব ইটভাটায় প্রতিবছর পোড়ানো হচ্ছে লাখ লাখ মণ কাঠ।
শুধু মহম্মদপুর উপজেলাতেই ইটভাটা রয়েছে ৩২টি। এর ২টি জিগজ্যাগ, পাকা চিমনির ৬টি আর ব্যারেল চিমনির ২৪টি। সদর উপজেলার রামনগর এলাকাতেই ব্যারেল চিমনির ৯টি ইটভাটা রয়েছে।
স্থানীয় বেশ কয়েকজন বলেন, কালো ধোঁয়ায় তাঁদের অনেক সময় শ্বাস নিতেও কষ্ট হয়। এ ছাড়া টিনের চালে মরচে ধরে যায়।
ভাটার মালিক সূত্র জানায়, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত চলে ইট পোড়ানো মৌসুম। সাধারণত এক চিমনির ইটভাটায় মৌসুমে ২৫ থেকে ৩০ লাখ ইট পোড়ানো যায়। আর দুই চিমনিতে ৫০ থেকে ৬০ লাখ ইট পোড়ানো যায়। গড়ে প্রতিবছর মাগুরায় প্রতিটি ভাটায় ৫০ লাখ করে ইট পোড়ানো হয়। ইটভাটার মালিকদের হিসাব অনুযায়ী, ১ লাখ ইট পোড়াতে ২ হাজার মণ কাঠের প্রয়োজন হয়। সেই হিসাবে ৫০ লাখ ইট পোড়াতে কাঠ লাগে ১ লাখ মণ। জিগজ্যাগ ইটভাটা ছাড়া বাকি ৪৯টি ইটভাটায় ৪৯ লাখ মণ কাঠ পোড়ানো হয়। আর এই কাঠ সংগ্রহ করতে বন কেটে উজাড় করা হচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত হুমকির।
মহম্মদপুর উপজেলার ধোয়াইল এলাকায় অবস্থিত এনএসটি ব্রিকসের মালিক আবদুল কাইয়ুম বলেন, তাঁরা অনুমোদনের জন্য আবেদন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেগুলো এখনো তাঁরা পূরণ করতে পারেননি। এ কারণে অনুমোদন হয়নি। কাঠ পোড়ানোর বিষয়ে তিনি বলেন, খরচ বেশি হওয়ায় ব্যারেল চিমনির ইটভাটায় কয়লা পুড়িয়ে ইট তৈরি করলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ কারণে কিছু কাঠ আর কিছু কয়লা দিয়ে ভাটা চালু রেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মাগুরা সদরের আরেকটি ইটভাটার মালিক বলেন, কয়লা কিংবা কাঠ পুড়িয়ে যেভাবেই ইটভাটা চালান না কেন, প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। এ কারণে পরিবেশবান্ধব ভাটা গড়ে তুলতে তাঁরা তেমন একটা আগ্রহী নন।
ইটভাটার মালিক সমিতির সভাপতি ও হক ব্রিকসের মালিক রবিউল ইসলাম বলেন, তাঁর জিগজ্যাগ ইটভাটা। অনুমোদনের জন্য আবেদন করেও পাচ্ছেন না।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, পরিবেশের ক্ষতি করে ইটভাটা চালাতে দেওয়া হবে না। মাঝেমধ্যে তাঁরা অভিযান পরিচালনা করে অবৈধ ভাটার চিমনি ভেঙে দেন। কিন্তু মালিকেরা আবার সেগুলো ঠিক করে চালাতে থাকেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আবারও অভিযানে নামবেন।