ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিরোধের জের ধরে মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা গত রোববার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুটি গ্রামের ৭২টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও বেশ কিছু দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করে। সংঘর্ষের জের ধরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চণ্ডীবর ও কুশা ইছাপুর গ্রাম দুটিতে আতঙ্ক বিরাজ করছে। পুরুষ মানুষেরা গ্রামছাড়া। স্থানীয়রা জানান, গয়েশপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ‘আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী’ ছিলেন মো. ইউসুফ আলী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ এম এস আকবর সমর্থিত প্রার্থী ছিলেন তিনি। অন্যজন ছিলেন তৃণমূল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবদুল হালিম। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে আবদুল হালিম জয়লাভ করেন। এরপর থেকে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, ইউসুফ আলীর সমর্থকেরা সুযোগ পেলেই প্রতিপক্ষের ওপর মারমুখী আচরণ করে। নির্বাচনী বিরোধের জের ধরে গত রোববার দুই প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গত সোমবার সরেজমিনে গ্রাম দুটিতে দেখা গেছে, কোনো বাড়িতে পুরুষ সদস্য নেই। কিছু নারী সদস্য বাড়িতে আছেন। গ্রাম দুটির অন্তত ৭২টি বাড়ি ভাঙচুর এবং ১০-১৫টি বাড়ি ও দুটি দোকানে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। বাড়িগুলোর টিনের বেড়া ও চালা ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। বাড়িগুলোর অধিকাংশই চেয়ারম্যান আবদুল হালিমের সমর্থকদের। চণ্ডীবর গ্রামের আয়েশা খাতুন (৫৬) জানান, সকাল সাড়ে ১০টার দিকে ২০০ থেকে ২৫০ জন মানুষ তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁরা ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এই সুযোগে হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট করে।কুশা ইছাপুর গ্রামের মোমেনা বেগম (৪৫) বলেন, ‘গ্রামের মধ্যে আমাদের দুটি দোকান ছিল। দোকান দুটি ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে। বাড়িও ভাঙচুর করেছে।’ গ্রামের শরিফুল মণ্ডলের স্ত্রী কাজল রেখা অভিযোগ করেন, কালীনগরের বক্কার মাস্টারের দল এসে ইউসুফ আলীর সমর্থকদের সঙ্গে যোগ দেয়। পুলিশও তাদের পক্ষে ছিল। কান্নাজড়িত কণ্ঠে কুশা ইছাপুর গ্রামের নুরুল মোল্লার বৃদ্ধ স্ত্রী বীণা বেগম (৬০) বলেন, ‘আমরা গরিব মানুষ। মেয়ের বিয়ে দিয়ার জন্যি লোন (ঋণ) করে মাথা গোঁজার ঠাঁই করিছি। এখনো লোনের টাকা শোধ হয়নি। আমার কষ্টের ঘরডা কুপায় ফালা ফালা করিছে।’ ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সূত্রপাত ওরাই আগে করেছে। কালীনগরের বক্কার মাস্টাররা না এলে আমার লোকজন পারত না। পুলিশ আমাদের সহযোগিতা করেছে—এমন অভিযোগ ঠিক না।’ ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, ‘ইউসুফ আলী পাস না করে আমি পাস করায় তাঁরা আমাদের এলাকায় টিকতে দিচ্ছে না। আমার সমর্থক হলেই তাঁদের মারধর-নির্যাতন করছে।’ অভিযোগ অস্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ছালেক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ঘটনা যাই হোক, সবাই শেষ পর্যন্ত পুলিশকেই দোষ দেয়। ওই ঘটনায় ১৫-২০টি বাড়ির টিন কুপিয়ে নষ্ট করা হয়েছে। লুটপাট হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাতটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও বেশ কিছু দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় এখনো কোনো পক্ষই মামলা করেনি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।