মাগুরায় ৭৫টি বাড়িঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌরসভা ও শ্রীপুর উপজেলায় গত বুধবার ছয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ৩৪টি পরিবারের অন্তত ৭৫টি ঘর ছাই হয়েছে। এতে কমপক্ষে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শী ও দমকলকর্মীরা জানান, বেলা ১১টার দিকে মাগুরা সদর উপজেলার হাজরাপুর বাজার এলাকায় মো. ছলেমান মিয়ার বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির বসতঘরসহ তিনটি ঘর ভস্মীভূত হয়। পৌরসভার তিতারখাঁ পাড়া গ্রামে ওই দিন দুপুর ১২টার দিকে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বাড়ির চুলা থেকে আগুন লাগে। পাশাপাশি লাগোয়া বাড়ি হওয়ায় মুহূর্তে আগুন লুৎফর রহমান এবং তাঁর ছেলে আলমগীর হোসেনসহ সাতজনের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। আগুনে ওই সাত পরিবারের আধা পাকা ও কাঁচা ১৬টি ঘর ভস্মীভূত হয়।
বিকেল পৌনে ছয়টার দিকে শ্রীপুর উপজেলার চরজোকা গ্রামের শিমুল বিশ্বাসের রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। পাশাপাশি লাগোয়া বাড়ি হওয়ায় মুহূর্তে আগুন আশপাশের অন্তত ২৫টি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে এসব বাড়ির অন্তত ৬০টি ঘর পুড়ে যায়।