মাঘের শুরুতে চট্টগ্রামে বৃষ্টি
মাঘের শুরুতে চট্টগ্রামে গতকাল শুক্রবার আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। বৃষ্টির পূর্বাভাস না থাকায় সকালে ঘর থেকে বের হয়েই ছাতা না থাকায় কাকভেজা হতে হয়েছে পথচারীদের। পর্দা না থাকায় দুর্ভোগে পড়েন রিকশাযাত্রীরা।
কনকনে ঠান্ডার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়িয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বৃষ্টি বেলা একটা পর্যন্ত হয়। বিকেলে বৃষ্টি আর না হলেও আকাশ ছিল মেঘলা।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমা বাতাসের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে এই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পরিমাণ ছিল এক মিলিমটিারেরও কম। এতে দিনের তাপমাত্রা বেড়েছে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৭ সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ১৮ দশমিক ৫ সেলসিয়াস।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়বিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘বঙ্গোপসাগরের ওপর কিছুটা মেঘ সৃষ্টি হয়েছে। এ কারণেই বৃষ্টি। এটা কেটে যাবে।’