মাঘের শেষে পিঠা উৎসব
বর্ষপঞ্জিকা জানান দিচ্ছে, মাঘ মাস শেষ হতে আর বেশি দেরি নেই। শীত শেষ হওয়ার আগেই বাঙালির চিরাচরিত ঐতিহ্যের পিঠাপুলি নিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে তিনটি স্থানে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে উদ্বোধন হয় পিঠা উৎসব ও প্রতিযোগিতার। উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। চট্টগ্রাম প্রেসক্লাব-ওয়েল ফুডের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়াম, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী প্রমুখ।
উৎসবে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য এবং তাঁদের পরিবারের বানানো পিঠা প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল ভাপা, কয়েক ধরনের চিতই, নারকেল পুলি, বিন্নি পিঠা, পাটিসাপটা, পাকন পিঠা, গোলাপ পিঠা, নকশি পিঠা ও রসবড়া। বিকেলে বিজয়ী পাঁচ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম। প্রেসক্লাবের পিঠা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন নূরনাহার বেগম, আতিয়া বেগম, জ্যোৎস্না কায়সার, কাজী রেহানা হাসনাত ও সুলতানা সরওয়ার।
শিশু সংগঠন ‘শিশু কিশোর মেলা’র আয়োজনে গতকাল সকাল সাড়ে সাতটায় সিআরবি শিরীষতলায় শুরু হয় পিঠা উৎসব। এর উদ্বোধন করেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া। সংগঠনের সহসম্পাদক তাজনাহার রিপন জানান, সদস্য ও অভিভাবক মিলে প্রায় ২০০ জন উৎসবে অংশ নিয়েছেন। উৎসবে ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার স্বাদ নিয়েছে শিশুরা। পাশাপাশি তাদের জন্য গান, নাচ ও আবৃত্তির আয়োজন ছিল।
এর আগে বৃহস্পতিবার রাতে হোটেল দ্য পেনিনসুলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসবের। এর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, বিদেশি খাবারের ভিড়ে পিঠার মতো ঐতিহ্যবাহী খাবারের আবেদন হারিয়ে যেতে বসেছে। পিঠা উৎসবের মতো আয়োজন নতুন প্রজন্মকে চিরায়ত বাঙালি স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
পেনিনসুলায় পিঠা উৎসব চলবে আজ শনিবার পর্যন্ত।