মাঘের শেষে হঠাৎ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় আজ রাত আটটার দিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। ছবি: শাহ আলম
চুয়াডাঙ্গায় আজ রাত আটটার দিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। ছবি: শাহ আলম

মাঘ মাস শেষের দিকে। আর ক’দিন পরেই ঋতুরাজ বসন্ত। তারপরও দেশের অনেক এলাকায় শীতের দাপট এখনো আছে। ঋতুর পালা বদলের এই সময়ে আজ সোমবার রাতে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। রাত আটটার দিকে ঝিরিঝিরি শুরু হয়। থেমে থেমে চলছে সেই বৃষ্টি। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া যেন শীতের শেষ দাপটের কথা জানান দিচ্ছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সাইদুর রহমান বলেন, রাত নয়টায় বৃষ্টিপাত ৬ দশমিক ৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

হঠাৎ বৃষ্টি। তাই মাথায় পলিথিন জড়িয়ে জরুরি কাজে রাস্তায় নেমেছেন এক ব্যক্তি। ছবি: শাহ আলম
হঠাৎ বৃষ্টি। তাই মাথায় পলিথিন জড়িয়ে জরুরি কাজে রাস্তায় নেমেছেন এক ব্যক্তি। ছবি: শাহ আলম

এদিকে হঠাৎ এই বৃষ্টিপাতে চুয়াডাঙ্গা শহরে যানবাহন চলাচলও তাৎক্ষণিকভাবে কমে যায়। এতে বিপাকে পড়েছেন বাজার থেকে ঘরমুখী মানুষ। হাতে গোনা কয়েকটি রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক দেখা গেলেও বৃষ্টির অজুহাতে খেয়াল-খুশিমতো ভাড়া হাঁকছেন চালকেরা। ছাতা মাথায় কেউ কেউ বেরিয়ে পড়লেও অনেককেই পলিথিন মাথায় দিয়ে পথ চলতে দেখা গেছে।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, পূবালী বায়ুর প্রভাবে মাঘের শেষে এই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে শীত আবারও জেঁকে বসতে পারে বলেও জানান তিনি।