মাছ ও পাখির অভয়াশ্রম বাইক্কা বিল তছনছ
প্রায় এক দশক ধরে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র ও পাখির আবাসস্থল বাইক্কা বিল তছনছ হয়ে গেছে। বিলটিতে অবাধে মাছ ধরে মাছের বংশ বিনষ্ট এবং পাখির আবাস বিপন্ন করা হয়েছে। মাছচোর চক্রের দেখাদেখি বিলের পাড়ের কয়েকটি গ্রামের হাজারো মানুষ গত তিন দিন ধরে মাছ নিধনযজ্ঞে নামে।গতকাল শুক্রবার বাইক্কা বিলে গিয়ে দেখা যায়, শতাধিক মাছ শিকারি উল্লাস করে মাছ ধরছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। মাছের বংশ বিস্তার, পাখির আবাস তৈরি ও বিলুপ্তপ্রায় জলজ উদ্ভিদ ফিরিয়ে আনতে মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলে ২০০৩ সালে অভয়াশ্রমটি গড়ে তোলা হয়।বাইক্কা বিল রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাধারণ সম্পাদক মিরাশ মিয়া বলেন, ‘মাছ ধরার গণ-আন্দোলন শুরু হয়েছে যেন। মানুষকে বোঝানো যাচ্ছে না। ওদের কথা, বাইক্কা বিলের মাছ দেশের সম্পদ। কয়েকজন (চোর) খেতে পারলে আমরা কী দোষ করলাম!’ তিনি আরও বলেন, বিল ভরাট, বৃষ্টি না হওয়া, আশপাশের খাল-বিল ও নদী-নালা শুকিয়ে যাওয়ায় পানি কমে গেছে। ফলে গত রোববার থেকে মাছ মরা শুরু হয়। চিহ্নিত মাছচোরের দল মরা মাছ ধরে বিভিন্ন হাটবাজারে বিক্রি করে। এতে হাইল হাওরের আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ মনে করে, শুধু ১০-১২ জনই কেন বাইক্কা বিলের মাছ খাবে! মাছ ধরা নিষিদ্ধ জেনেও গত বুধবার থেকে বিভিন্ন গ্রামের হাজারো মানুষ এ বিলে মাছ ধরা শুরু করেন। প্রথম দিন বড় আকারের, এরপর মাঝারি এবং গতকাল শুক্রবার ছোট আকারের মাছ ধরা পড়েছে। বাইক্কা বিলে ৯৮ জাতের স্থানীয় প্রজাতির মাছ আছে। বৃষ্টি হলেই মা-মাছ ডিম পাড়ত।মিরাশ মিয়া জানান, এ বিলে বেগুনি কালেম, বেলে হাঁসসহ ১৬০ প্রজাতির পাখির বাস। এসব পাখির দল বসার জায়গা না পেয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে যেতে দেখা যায়। কিছু পাখি বিলের মাখনা বা পদ্মপাতায় বসত। কিন্তু মাছ শিকারির পায়ের নিচে পদ্ম, শাপলা ও মাখনা তছনছ হয়ে গেছে।বিলে মাছের অভয়াশ্রম দেখভালের দায়িত্বে নিয়োজিত সংগঠনের একটি ম্যানেজমেন্ট অব অ্যাকুয়াটিক সিস্টেম থ্রো কমিউনিটি হাজবেন্ড্রি (ম্যাচ)। ম্যাচ সূত্রে জানা যায়, হাইল হাওর দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র ও পাখির আবাসস্থল। কিন্তু নির্বিচারে মাছ ধরা, পাখি মারা এবং জলজ উদ্ভিদ আহরণের কারণে পাখি ও মাছের সংখ্যা হ্রাস পেলে ২০০৩ সালের জুলাইয়ে ভূমি মন্ত্রণালয় বাইক্কা বিল চাপড়া, মাগুরা, যাদুরিয়া বিল ও এই বিলসংলগ্ন ডোবা এলাকা নিয়ে প্রায় ২৫০ একর আয়তনের জলাভূমিকে অভয়াশ্রম ঘোষণা করে। পরে ম্যাচ বাইক্কা বিলে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলে। বাইক্কা বিলের পাহারাদার মো. ইজার উদ্দিন বলেন, ‘আশ্রয় নষ্ট হওয়ায় অনেক পাখি চলে গেছে। আমরা বাধা দিই। কেউ মানে না।’ অপর পাহারাদার মুশকুর রহমান বলেন, ‘প্রায় ১০ বছর ধরে সংগঠনের সঙ্গে আছি। কিন্তু এর আগে এ রকম ঘটনা ঘটেনি।’সেন্টার ফর ন্যাচারেল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) প্রকল্প সমন্বয়কারী বলেন, ‘সবার কষ্টের ফসল তিন দিনে শেষ। এই কদিনে অন্তত তিন কোটি টাকার মাছ ধ্বংস হয়েছে। আগামী মৌসুমে বুঝতে পারবে হাওরের কী ক্ষতি হয়েছে।’জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান বলেন, ‘গত দুই দিন ধরে দিনে-রাতে এখানে আসা-যাওয়া করছি। গত বৃহস্পতিবার লোকজনকে বলে বাইক্কা বিল থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল। গতকাল সকালে আবার সবাই দল বেঁধে নেমে পড়ে।’জেলা প্রশাসক মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘অনেক গ্রামের মানুষ মাছ ধরতে নেমেছেন। আমি পুলিশ প্রশাসন, মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি।’