মাছ চাষ করে দেশ গড়া ও বদলে দেওয়ার আহ্বান নিয়ে গতকাল মঙ্গলবার দক্ষিণের জেলাগুলোয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালন শুরু হয়েছে। এবারের স্লোগান ছিল ‘মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ’।
ভোলায় বেলা একটায় জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ভোলায় মাছের উৎপাদন বেড়েছে। সারা দেশের এক-তৃতীয়াংশ ইলিশ ভোলার মেঘনা, তেঁতুলিয়া, বুড়াগৌরাঙ্গ, ইলিশা নদী ও সাগর মোহনা থেকে আহরণ করা হচ্ছে। অন্য মাছ উৎপাদনেও ভোলা এগিয়ে।
পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশের কার্যালয়ে বেলা ১১টার দিকে এ সংবাদ সম্মেলন হয়। এতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তন্ময় কুমার দাশ সরকারিভাবে ঘোষিত জাতীয় মৎস্য সপ্তাহ (১৮ জুলাই থেকে ২৪ জুলাই) পালন ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
দুপুরে মাগুরা জেলা মৎস্য কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস। তিনি বলেন, প্রতিবছরই এ জেলায় মাছের ঘাটতি কমছে।
গতকাল বাগেরহাট প্রেসক্লাবে মতবিনিময় সভা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধুরী, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়, বর্তমানে এ জেলায় মাছের বার্ষিক চাহিদা ২৯ হাজার ২০০ মেট্রিক টন। উৎপাদন হচ্ছে ৪৮ হাজার ৪৩৭ মেট্রিক টন।
এদিকে গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা শেখ শফিকুর রহমান বলেন, মাছ উৎপাদনে সারা দেশের মধ্যে যশোর জেলার অবস্থান দ্বিতীয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আকতার হোসেন ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ধীরেন্দ্রনাথ সরকার।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন বাগেরহাট, যশোর, ভোলা, মাগুরা ও বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি}