মাছ চাষে সংসারে সচ্ছলতা

বিয়ের পর থেকে অভাব-অনটন লেগেই ছিল বলয় ও রীতার সংসারে। বিভিন্ন সময় তাঁরা ফসলের আবাদ করেছেন। মাছ চাষ করেছেন। তবু সচ্ছল হতে পারছিলেন না এই দম্পতি। তবে দমেননি রীতা। প্রশিক্ষণ নিয়ে নতুনভাবে শুরু করেন মৎস্য চাষ। পেয়ে যান সাফল্যের দেখা।
ঘটনাটি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সাহস গ্রামের। শুধু রীতা নন, তাঁর মতো অনেক নারী মাছ চাষ করে সংসারে সচ্ছলতা এনেছেন। রীতা বলেন, ‘আগে এমনও দিন গেছে যখন এক বেলা খেলে অন্য বেলা উপোস থাকতে হতো। কোনো কোনো দিন গমভাজা খেয়েই দিন কাটাতে হয়েছে। ভাগ্যবদলে নিজেই মাঠে নেমে পড়ি। প্রশিক্ষণ নিয়ে দেড় বিঘা জমিতে মাছ চাষ শুরু করি। পাশাপাশি ঘেরের চারপাশে চাষ করি বিভিন্ন ধরনের সবজির। এতে ২০১৩ সালে প্রায় দেড় লাখ টাকা লাভ হয়। ২০১৪ সালে ১ লাখ ৬৫ হাজার টাকা এবং ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত এক লাখ টাকার বেশি লাভ হয়েছে। এখন স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখে আছি।’
একইভাবে পরিবারে সচ্ছলতা এনেছেন এলাকার নার্গিস হোসেন। স্বামী চাকরি করায় চার বিঘার দুটি পুকুর পড়ে থাকত। ওই পুকুর দুটিতে শুধু মাছই ছাড়া হতো। কিন্তু তা থেকে কোনো আয় হতো না। ২০১৪ সালের জানুয়ারিতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডফিশের সহায়তায় মৎস্য অধিদপ্তরের মাধ্যমে একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। নার্গিস বলেন, ‘প্রশিক্ষণ নেওয়ার ফলে কোন মাছ কোন সময় এবং কীভাবে ছাড়তে হবে, তা জানতে পারি। আর সেই অনুযায়ী মাছ চাষ করার ফলে এখন অনেক লাভ হচ্ছে। এখন মাছের পোনা ছাড়া থেকে বিক্রি পর্যন্ত সবকিছু আমিই করি। প্রথম প্রথম এ কাজ করতে লজ্জা লাগলেও এখন আর লাগে না। মাছ চাষের পাশাপাশি ঘেরের চারধারে সবজিও চাষ করা হচ্ছে।’
রীতা ও নার্গিসের মতো মাছ চাষ করে বা চাষে সহায়তা করে পরিবারে সচ্ছলতা এনেছেন ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার নারীরা। ডুমুরিয়াবাসীর একসময়ের ‘দুঃখ’ বিল ডাকাতিয়াকেও কাজে লাগিয়েছেন তাঁরা। প্রায় আট মাস পানিতে তলিয়ে থাকা ওই বিলে ছোট ছোট বাঁধ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তাঁরা। বাঁধের পাশে লাগাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি। ঠিক কত বছর আগে থেকে এই এলাকার মানুষ মাছ চাষ শুরু করেছে, তা স্পষ্ট করে কেউ বলতে পারেননি। উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, ১৯৯৭ সালের ডিসেম্বরে ভূমি মন্ত্রণালয় উপজেলার গোলনা খালের ১০ একর জমি ৫০ জন ভূমিহীন নারী মৎস্যচাষির নামে বরাদ্দ দেয়। এরপর এই মাছচাষিরা একত্রে ‘গোলনা আদর্শগ্রাম মহিলা ভূমিহীন মৎস্য চাষি সমিতি’ নামে তাঁদের কার্যক্রম চালাতে থাকেন। সূত্র জানায়, ডুমুরিয়ায় ২৫ হাজারেরও বেশি ছোট-বড় মাছের ঘের আছে।
উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মল্লিকপাড়ার চিত্র আরও ভিন্ন। পাড়ার প্রত্যেক নারীই মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত। উপজেলা মৎস্য কার্যালয় থেকেও ওই এলাকার নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মল্লিকপাড়ার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পাড়ায় ১৮০টির মতো পরিবার আছে। প্রতিটি পরিবারেরই রয়েছে ছোট-বড় মাছের ঘের। মাছ চাষের পাশাপাশি ঘেরের চারপাশে সবজিও চাষ করছেন তাঁরা। সংসারে এসেছে সচ্ছলতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসু-দৌজা প্রথম আলোকে বলেন, এই এলাকার মানুষের প্রধান পেশা মাছ চাষ। এরপর রয়েছে কৃষি ও প্রাণিসম্পদ। শুধু ডুমুরিয়া থেকে প্রতিদিন ৫০ লাখ টাকার মাছ ঢাকা ও চট্টগ্রামে যায়। সেই সঙ্গে যায় ২৫ লাখ টাকার সবজি। এই এলাকায় দারিদ্র্যের হার কম। এর অন্যতম কারণ নারী-পুরুষ সবারই সংসারে সমান অংশগ্রহণ।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি বলেন, মাছ চাষের প্রতি এই এলাকার নারীদের আগ্রহ দেখে বিভিন্ন সময় তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গত দুই বছরে প্রায় ৫০০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় মাছের উৎপাদন প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। ইতিমধ্যে মৎস্য অধিদপ্তরের নিজস্ব তহবিল থেকে সাড়ে পাঁচ লাখ টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে।