চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত রেলওয়ে জোরডেবা নামে পরিচিত দুটি দিঘির পাড়ে গড়ে উঠেছে তিন শতাধিক বস্তি। ১৬ বছর ধরে মাছ চাষের জন্য ইজারা নিয়ে স্থানীয় একটি চক্র এ বস্তি গড়ে তুলেছে। এ বছর রেলওয়ে দিঘি দুটি নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নিলে ওই পক্ষ হাইকোর্টের আশ্রয় নেয়। আদালত রেলওয়ের কর্মকাণ্ডের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন।পাশাপাশি অবস্থিত সাড়ে ২১ একর আয়তনের দিঘি দুটি চট্টগ্রামের সবচেয়ে বড় দিঘি হিসেবে পরিচিত। ফলে মাছ চাষের জন্য এগুলোর চাহিদাও দিন দিন বাড়ছে।জানা গেছে, স্থানীয় বারো কোয়ার্টারের বাসিন্দা আবদুল হাই তাঁর স্ত্রী হাসনারা বেগমের নামে ১৯৯৬ সালে জোরডেবা ইজারা নেন। ২০০১ সালে তাঁরা দ্বিতীয়বার ইজারা নেন। কিন্তু ২০০৭ সালে ইজারা না নিয়ে রেলওয়ের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন। পাঁচ বছরের আইনি লড়াই শেষে রেলওয়ে কর্তৃপক্ষ জয়ী হয়। এরপর আদালতের নির্দেশে তাঁরা রেলওয়েকে ১৭ লাখ টাকা পরিশোধ করেন।গত ৮ নভেম্বর নতুন করে দিঘি দুটি ইজারা দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বিজ্ঞাপন দেয়। তাতে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ ডিসেম্বর। কিন্তু ২ ডিসেম্বর হাসনারা বেগম হাইকোর্টে রেলওয়ের বিরুদ্ধে আবেদন করেন। আদালতের নিষেধাজ্ঞার আগে ১৮টি ফরম বিক্রি হয় বলে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে।হাসনারা বেগমের পক্ষে দিঘি দুটি তত্ত্বাবধান করেন ইয়ার মোহাম্মদ ওরফে হিরু। ইয়ার মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘দিঘিতে মাছ চাষের চেয়ে পাড়ে বস্তি তোলা অনেক বেশি লাভজনক। নতুন ইজারাদার এলে বস্তির কর্তৃত্ব আমাদের হাতে থাকবে না। এ জন্য আমরা হাইকোর্টের মাধ্যমে স্থগিতাদেশ নিয়েছি।’ইজারাদার হাসনারা বেগমের স্বামী আবদুল হাই সম্প্রতি মারা গেছেন। বর্তমানে দিঘি দুটি দেখাশোনা করছেন আবদুল হাইয়ের ভাই আবদুল গণি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা বর্তমান ইজারার অর্থের সঙ্গে আরও ৫০ শতাংশ অর্থ যোগ করে দিঘি দুটি নেওয়ার জন্য আবেদন করেছি। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিযোগিতামূলকভাবে ইজারা দিতে চায়। এ জন্য আমরা আদালতের আশ্রয় নিয়েছি।’আবদুল গণি আরও বলেন, ‘ইজারার টাকা নয়, কর্মকর্তাদের মন ভরাতে পারিনি বলে তাঁরা আমাদের কথায় রাজি হননি।’জানা যায়, বস্তির প্রতিটি ঘর থেকে মাসে ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা ভাড়া আদায় করা হয়। সেই হিসাবে ৩০০ বস্তিঘর থেকে মাসে আদায় হয় তিন লাখ টাকার বেশি। আর প্রতি মাসে মাছ তোলা হলে বড়জোর ৫০ হাজার টাকা পাওয়া যায়।তবে ইয়ার মোহাম্মদ বলেন, ‘সব বস্তির মালিক আমরা নই। আমরা ইজারা নেওয়ার আগেও কিছু বস্তি গড়ে উঠেছে এখানে। সেগুলোর ভাড়া আমরা পাই না।’ সরেজমিনে দেখা যায়, বস্তির পাড়ের অসংখ্য মানুষ সকাল থেকে জোরডেবায় গোসল করছে। তাদের ব্যবহারের কারণে দিঘির পানির রং অনেকটা সবুজ আকার ধারণ করেছে। বস্তিতে বসবাসকারী লোকজনের জন্য পেছনে খোলা পায়খানা নির্মাণ করা হলেও অন্য সব আবর্জনা ফেলা হচ্ছে দিঘিতে।চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আবদুল বারী প্রথম আলোকে বলেন, ‘এর আগে তারা আরও একবার মামলা করেছিল। সেবার আইনি লড়াইয়ে তারা হেরে যায়। কিন্তু আইনি প্রক্রিয়া শেষ হতে পাঁচ বছর লেগে যায়। এরপর তাঁদের কাছ থেকেই আমরা ইজারার টাকা আদায় করেছিলাম। এবার জোরডেবা ইজারা নিতে ১৮টি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষার জন্য হাসনারা বেগম গং আগের মামলার তথ্য গোপন করে পুনরায় আদালতের আশ্রয় নেন। এখন আইনি লড়াই শেষে ইজারা দেওয়ার উদ্যোগ নেব।’