মাছ চাষের নামে খালে বাঁধ পানি নিষ্কাশনের পথ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালায় মাছ চাষের নামে একটি প্রভাবশালী মহল পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বেড়িবাঁধ দিয়েছে। কপোতাক্ষ নদের সংযোগ খালের মাঝিয়াড়া-ঘোনা বিলের খড়েরডাঙ্গা পাশখালী গেট এলাকায় এই বাঁধ নির্মাণ করায় বর্ষা মৌসুমে ২৭টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাঁধ অপসারণের দাবিতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোনা ও মাঝিয়াড়া মৌজার সীমান্ত দিয়ে পাশখালী খালটি প্রবাহিত। কপোতাক্ষ নদ ভরাট হওয়ায় এই খাল দিয়ে বর্ষা মৌসুমে ঘোনা, কেসমতঘোনা, কলিয়া, মাঝিয়াড়া, খড়েরডাঙ্গা, দেওয়ানিপাড়াসহ ২৭টি গ্রামের পানি শালতা নদীতে পড়ে।স্থানীয় ব্যক্তিরা জানান, মাঝিয়াড়া-ঘোনা খালের খড়েরডাঙ্গা বিলের পাশখালী গেট মাটি দিয়ে ভরাট করে ১৫ ফুট উচ্চতায় প্রায় সাত হাজার ফুট বেড়িবাঁধ নির্মাণ করেছেন বোরহান উদ্দীন, কামরুল গাজী, ইদ্রিস মোড়ল, খলিলুর রহমান, আতিয়ার রহমান ও আবদুর রহিম। এতে সম্পূর্ণ খালটি মাছের ঘেরের মধ্যে চলে গেছে।খড়েরডাঙ্গা গ্রামের বাসিন্দা হাফিজুল মোড়ল জানান, সরকারি ওই খালের প্রস্থ ছিল ৪০ থেকে ৫০ ফুট। কিন্তু বাঁধ নির্মাণ করায় তা সংকুচিত হয়ে ১০ থেকে ১৫ ফুটে চলে এসেছে। বর্ষা মৌসুমে এ বাঁধের কারণে ২৭টি গ্রামের পানি নিষ্কাশন বাঁধাগ্রস্ত হবে। এতে এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে।তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভূমি সহকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ওই ছয় ব্যক্তিকে বাঁধ সরিয়ে নেওয়ার জন্য সাত দিন সময় দিয়ে ১ এপ্রিল নোটিশ দেওয়া হয়। ৭ এপ্রিল বোরহান উদ্দীন, কামরুল গাজী ও ইদ্রিস মোড়ল বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত নন দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। অন্য তিনজন তাঁদের জমির সীমানা নির্ধারণ করে দেওয়ার আবেদন জানিয়েছেন। আবেদনে বলেছেন, নির্মিত বাঁধ খালের জমিতে পড়লে তাঁরা অপসারণ করবেন। মনিরুল ইসলাম আরও জানান, মাপ-জরিপ করার পর প্রকৃত অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে খলিলুর রহমান দাবি করেন, তাঁরা খালের জমিতে বাঁধ নির্মাণ করেননি; স্থানীয় মালিকদের কাছ থেকে জমি ইজারা নিয়ে মাছ চাষ করার উদ্যোগ নিয়েছেন। এ বাঁধের মধ্যে ঘোনা মৌজার ১০০ থেকে ১৫০ ফুট খালের জমিতে হতে পারে।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, খালটির সীমানা নির্ধারণের জন্য সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। আগামী সপ্তাহে মাপ-জরিপ করার পর প্রকৃত অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।