মাছ চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠু মণ্ডলের মা, বাবা ও বোন বাড়ির উঠানে আর্তনাদ করছেন। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো
মিঠু মণ্ডলের মা, বাবা ও বোন বাড়ির উঠানে আর্তনাদ করছেন। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো

মাছ চুরির অপবাদ সইতে না পেরে বরগুনার পাথরঘাটায় মিঠু মণ্ডল (২০) নামের এক তরুণ গত বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মিঠু মণ্ডল উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মনোজ মণ্ডলের একমাত্র ছেলে।
এর আগে সকাল পৌনে সাতটার দিকে বাড়ির পাশে ঘাটের খালে পাতা চাঁই থেকে মাছ চুরির অপরাধে মিঠু মণ্ডলকে বেদম মারধর করা হয়। নিজ বাড়ি থেকে তুলে নিয়ে প্রতিবেশী হারুন হাওলাদার, তাঁর দুই ছেলেসহ চার-পাঁচজন তাঁকে বেদম মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের লোকজন ও স্থানীয় সাত-আটজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বাড়ির পাশের ঘাটের খালে পাতা চাঁই থেকে মাছ চুরির অপরাধে মিঠু মণ্ডলকে মারধর করা হয়। মিঠুকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে প্রতিবেশী হারুন হাওলাদার এবং তার দুই ছেলে জয়নাল হাওলাদার, জসিম হাওলাদারসহ চার-পাঁচজন লাঠি দিয়ে তাঁকে বেদম মারধর করেন। এতে মিঠুর পিঠসহ শরীরের বিভিন্ন অংশে লাঠির দাগ পড়ে যায়। একই সঙ্গে লাঠির আঘাতে শরীরের কয়েকটি স্থানে রক্ত জমাট বাঁধে। মাছ চুরির এই অপবাদ ও নির্যাতন সইতে না পেরে ওই দিন সকাল আটটার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে মিঠু মণ্ডল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শিরিন আক্তার গতকাল শুক্রবার বলেন, তিনি মৃত্যুর খবর শুনেই বৃহস্পতিবার সকালে মিঠুর বাড়িতে যান। এ সময় মিঠুর পিঠে ১০-১২টি লাঠির আঘাতের চিহ্ন তিনি দেখেছেন। আর শরীরের বিভিন্ন অংশে কাঁদাসহ রক্ত জমাট অবস্থাও ছিল। একই সময় ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় দুই শিক্ষক শুভংকর হাওলাদার, বরুণ কৃষ্ণ হাওলাদারসহ সাত-আটজন ব্যক্তি।

গতকাল বেলা ১১টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে মিঠুর মা শিখা রানী এক আত্মীয়কে জড়িয়ে ধরে আর্তনাদ করছেন। এ সময় তাঁর পাশে মিঠুর বাবা মনোজ মণ্ডল ও ছোট বোন শুক্লা মণ্ডলও বিলাপ করছিলেন।

এ সময় বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা হয় মিঠুর মামা ঢাকা জজকোর্টের আইনজীবী সুবোধ হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, ‘মিঠু শান্ত স্বভাবের ছিল। কিন্তু প্রতিবেশী হারুন হাওলাদার ও তার দুই ছেলে তাকে বাঁচতে দিল না। মিথ্যা অপবাদ ছড়িয়ে মিঠুকে আত্মহত্যা করতে বাধ্য করল তারা।’

এ ব্যাপারে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।