মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাকখালী খালে মাছ ধরতে গিয়ে তিন ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের দোছড়ি ইউনিয়নের দুর্গম কামিরছাড়া মৌজার মার্সিবাপাড়ার বাসিন্দা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজ তিনজন হলেন মংহ্লাচিং মারমা (৪০), চিংহ্লামং মারমা (৩৫) ও ক্যচিংশৈ মারমা (২২)। মার্সিবাপাড়ার কার্বারি ও নিখোঁজ মংহ্লাচিং মারমার বড় ভাই চাইশৈসিং মারমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাকখালী খালের মামাভাগিনা ঝিরির মুখ এলাকার তামাকচাষিরা তাঁকে বলেছেন ওই তিনজনকে রোববার বিকেলে মাছ ধরতে দেখেছিলেন তাঁরা। ওই সময় তিন-চারজন লোক পাহাড় থেকে নেমে তাঁদের জঙ্গলে নিয়ে যায়।
দোছড়ি ইউপির ২ নম্বর ওয়ার্ডের কামিরছড়া এলাকার সদস্য নূরুল আলম বলেন, মামাভাগিনা ঝিরি এলাকার কোনো গোষ্ঠী ওই তিনজনকে নিয়ে গেছে বলে তাঁরা সন্দেহ করছেন। তিনি বলেন, গত ১৩ জুন উহ্লামং মারমা নামে একজনকে তরগু হেডম্যানপাড়া থেকে ও ১৭ সেপ্টেম্বর কামিরমুখ থেকে আলী আহমদ ও শামসুল আলম নামের দুই তামাকচাষিকে অপহরণ করা হয়েছিল।
তিনজন নিখোঁজের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর বলেন, তাঁদের উদ্ধারে অভিযান চালানো হবে।