মাছ ধরতে গিয়ে আট জেলে নিখোঁজ
হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের কাজির বাজার ঘাট থেকে গত বৃহস্পতিবার ট্রলারে করে ১১ জন জেলে মেঘনায় মাছ ধরতে যাওয়ার পর আটজন নিখোঁজ হয়েছেন।তাঁরা হলেন, স্বপন (৩৫), পিল্টন (২৮), টংকেশ্বর (২৬), প্রদীপ (২৫), রতন (২৬), রমেশ (৩২), জগন্নাথ (৩৬) ও দিনেশ (৪০)। তাঁদের মধ্যে দিনেশের বাড়ি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এবং অন্য সাতজনের বাড়ি চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামে।গত শুক্রবার বিকেল চারটায় একই ঘাটে ফিরে আসা তিন জেলে হলেন, স্বপন (৩০), নারায়ণ (৪০) ও রিপন (২১)।ফিরে আসা তিন জেলের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল চারটায় তাঁরা কাজির বাজার ঘাট থেকে ট্রলারে করে রওনা দিয়ে সন্ধ্যা সাতটায় প্রায় ৪০ কিলোমিটার পূর্ব দিকে ঠেঙ্গারচরে পৌঁছান। রাত আটটায় তাঁরা খাবার খেয়ে ট্রলারে ঘুমিয়ে পড়েন। কিন্তু ট্রলারের নিচের তলা ফেটে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়। রাত একটার দিকে তাঁরা টের পান। এ সময় নিখোঁজ আট ব্যক্তি একটি করে খালি কনটেইনার হাতে নিয়ে পানিতে ঝাঁপ দেন। বাকি তিনজন ডুবে যাওয়া ট্রলারের মাথা ধরে সাঁতরাতে থাকেন। ট্রলারটি নোঙর করা থাকায় এটি স্রোতে ভেসে যায়নি।পরের দিন শুক্রবার সকাল সাতটায় আরেকটি ট্রলার এই তিন জেলেকে উদ্ধার করে। বেলা ১১টায় জোয়ারের সময় ট্রলারটি ডুবে যাওয়া ট্রলারটি পেছনে বেঁধে হাতিয়ার উদ্দেশে রওনা দিয়ে বিকেল চারটায় কাজির বাজার ঘাটে পৌঁছে।উদ্ধারকারী ট্রলারের মালিক নিমাইচরণ দাস মুঠোফোনে এ ঘটনার কথা স্বীকার করেছেন। সর্বশেষে ডুবে যাওয়া ট্রলারের মালিক বেচারাম দাস জানান, গতকাল শনিবার বেলা দুইটার দিকে জেলেরা হাতিয়া থেকে ৪০ কিলোমিটার পূর্ব দিকে মেঘনায় পাঁচজনের মৃতদেহ পেয়েছেন।