কক্সবাজারের টেকনাফে মাছ ধরতে গিয়ে দুজন মারা গেছেন। তাঁরা বজ্রপাতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন মোহাম্মদ সিরাজ (৩৫) ও রবিউল হাসান (১৮)।
পুলিশ ও মারা যাওয়া দুজনের পারিবারিক সূত্র জানায়, মোহাম্মদ সিরাজ প্রতিদিনের মতো রোববার রাত নয়টার দিকে জাল নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যান। গতকাল সোমবার সকাল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজাখুঁজি করেন। পরে তাঁরা খবর পান টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া-সংলগ্ন ১ নম্বর স্লুইসগেট এলাকায় একটি লাশ ভাসছে। এরপর তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশটি মোহাম্মদ সিরাজের বলে শনাক্ত করেন। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ কারণে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিরাজের বাড়ি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ায়। পেশায় তিনি জেলে ছিলেন।
টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম জেলে মোহাম্মদ সিরাজের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, পুলিশ যাওয়ার আগে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বজ্রপাতে মোহাম্মদ সিরাজের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের রবিউল হাসান রোববার রাত ১১টার দিকে তাঁদের মালিকানাধীন চিংড়ির খামারে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে দমকা হাওয়া ও ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতও হয়। তবে রাতে আর রবিউল বাড়ি ফেরেননি। সকালে চিংড়ি খামারে রবিউলকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।
হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মো. আরিফ হোসেন বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।