মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে পুলিশ সদস্যের মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে গতকাল সোমবার যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে চয়ন কুমার রায় (২৩) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তিনি ওই গ্রামের আশ্বিনী কুমার রায়ের ছেলে। কনস্টেবল চয়ন কুমার বগুড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
ফুলছড়ি থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, চয়ন কুমার কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। গতকাল বেলা দেড়টার দিকে তিনি নৌকা নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় মাছ ধরা জালটি তাঁর হাতের সঙ্গে বাঁধা ছিল। ওই জাল নদীতে নিক্ষেপের সময় জালের সঙ্গে তিনিও নদীতে পড়ে নিখোঁজ হন। স্থানীয় জনগণ দীর্ঘ আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল চারটার দিকে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।