মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বিলে মাছ ধরতে গিয়ে গত সোমবার রাত ১২টার দিকে গভীর নলকূপের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। তাঁরা হলেন গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের বিভীষণ গ্রামের আসাদুল হক (২২), বাশির আলী (১৮) ও মনিরুল ইসলাম (১৮)।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুজ্জামান বলেন, রাত ১২টার দিকে রাধানগর ইউপির সিঙ্গাবাদ পাথার বিল মহিশালায় মাছ ধরতে গিয়ে গভীর নলকূপের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তরুণ মারা যান। মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা পরে তাঁদের মরদেহ উদ্ধার করেন।
সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) এ টি এম মাইনুল ইসলাম বলেন, গত সোমবার রাত ১২টার দিকে বিভীষণ এলাকার মহিশালা বিলে ১০ জনের একটি জেলে দল মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত নৌকার বইঠা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এতে একে অপরকে বাঁচাতে গিয়ে তিনজন মারা যান।