মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ ১৩ মাঝিমাল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে সাগরে মাছ ধরতে গিয়ে একটি নৌকার ১৩ জন মাঝিমাল্লা নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার তাঁরা সাগরে মাছ ধরতে যান।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকা থেকে এফবি মালেক শাহ নামের একটি নৌকা নিয়ে বৃহস্পতিবার সাগরে মাছ ধরতে যান ১৩ জন মাঝিমাল্লা। এর মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে অন্য সব নৌকা উপকূলে ফিরে আসে। কিন্তু ওই নৌকা আসেনি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন নৌকার মাঝি ও অংশীদার মো. নুরুন্নবী (৪৩), মো. ফোরকান (৩৮), কালু মিয়া (৫৫), মো. এবাদুল্লাহ (৪৫), মো. আনোয়ার (৪২), মো. কালু (২২), মো. আখতার (৫২) ও মো. ছৈয়দ (৩৮)। নিখোঁজ পাঁচজনের নাম জানা যায়নি।
এফবি মালেক শাহ নৌকার অংশীদার মো. ইব্রাহিম বলেন, ‘নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর সব নৌকা ঘাটে ফিরে এলেও আমাদেরটা এখনো আসেনি। আমরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখনো কোনো হদিস পাইনি।’
ইব্রাহীমের ভাই আমিন শরীফ বলেন, ‘নৌকার মাঝি নুরুন্নবীসহ অনেকেই আমাদের আত্মীয়। আমরা কয়েকটি নৌকা নিয়ে সাগরে ও আশপাশে খোঁজ নিচ্ছি।’
কোস্টগার্ড পূর্বজোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাগরে মাছ ধরতে গিয়ে আনোয়ারার ১৩ মাঝিমাল্লা ফিরে আসেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’