মাছ ধরতে নদে বাঁশের বেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাছ ধরতে বাঁশের চাটাই দিয়ে মানাস নদের এপার থেকে ওপার পর্যন্ত বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। মাছের প্রজননের এ সময় এভাবে মাছ ধরায় মাছের বংশবৃদ্ধি কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা গ্রাম এলাকায় নদের ২০০ গজের মধ্যে বাঁশের চাটাই দিয়ে দুটি বেড়া দেওয়া হয়েছে। নদের এ পাশ থেকে ও পাশ পর্যন্ত পুরোটাই বাঁশের চাটাই দিয়ে মাছ ধরা হচ্ছে। বর্ষায় নদের পানি উপচে পড়লে মাছ যেন বের হতে না পারে, এ জন্য দুই পারের জমিতেও বেড়া টানা হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ করে এভাবে মাছ ধরছেন ওই গ্রামের শফিকুল ইসলাম ও মোজাফফর হোসেন। এঁরা প্রতিবছরই নদের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে মাছ ধরে আসছেন। ইউনিয়ন পরিষদ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কেউ কিছু বলছে না। এদিকে নদের মধ্যে বেড়া দেওয়ার স্থানটুকু কেউ কেউ নিজেদের বলে দাবি করছেন। শফিকুল ইসলাম বলেন, ‘এভাবে প্রতিবছরই মাছ ধরে থাকি। এ ব্যাপারে আমাদের কেউ কিছু বলেননি। তা ছাড়া মাছ ধরলে কারও কোনো অসুবিধা তো হচ্ছে না।’মৌভাষা গ্রামের কৃষক দুলু মিয়া বলেন, এমনিতে এ সময় মাছ ডিম ছাড়ে। এভাবে বেড়া দিয়ে মাছ ধরলে ডিমওয়ালা মাছ ধরা পড়ছে। তাতে মাছের বৃদ্ধি কমে যাবে। একই এলাকার সুলতান মিয়া বলেন, ‘মাছের অবাধ বিচরণ না থাকলে মাছ তো বাইরবার নয়। এমন করি বেড়া দিয়া মাছ মারা ঠিক হয় নাই।’ মর্ণেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘নদীতে বেড়া দিয়ে মাছ ধরা যায় না, এ কথা আমার জানা নেই।’গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার জানা মতে, এভাবে মাছ ধরার সরকারি নিয়ম নেই।’গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, ‘কেউ বেড়া দিয়ে নদীতে মাছ ধরে কি না, আমার জানা নেই।’জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান বলেন, ‘নদীতে বেড়া দিয়ে মাছ চাষ করা ও ধরা নিষেধ। এ ছাড়াও প্রজননকালে এভাবে মাছ ধরা হলে মাছের বংশ বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। এটি আইনত দণ্ডনীয় অপরাধ।’