মাছ ধরতে পদ্মায় আড়াআড়ি বেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় ২৫ দিন ধরে পদ্মা নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাটি শালেপুর এলাকায় ওই বেড়া দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লার সহযোগিতায় এলাকার প্রভাবশালী কয়েকজন পদ্মায় বাঁশ ও নেটজাল দিয়ে মাছ শিকার করছেন বলে জানা গেছে।
ভাটি শালেপুর এলাকায় পদ্মা নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। ওই এলাকায় এসে চরের কারণে নদী বিভক্ত হয়ে গেছে। এই দুই ধারার একটি ধারা আড়াআড়িভাবে আটকে প্রায় আধা কিলোমিটারজুড়ে এই বেড়া দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, দেড় মাস আগে ওই এলাকায় প্যান-কালচার পদ্ধতিতে পোনা চাষ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কাজের উদ্বোধন করেন। কিন্তু পদ্মার পানি বেড়ে যাওয়ায় ২৫ দিন আগে সেখানে অবৈধভাবে বেড়া দিয়ে মাছ শিকার করা শুরু হয়। বেড়ার তদারকি করছেন ভাটি শালেপুর এলাকার রাজ্জাক প্রামাণিক ও আবদুল খালেক মোল্লা।
রাজ্জাক প্রামাণিক বলেন, ‘আমরা বেড়া দিয়ে মাছ শিকার করছি। এ কাজে আমাদের সহযোগিতা করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা।’
জাতীয় মৎস্যজীবী সমিতির চরভদ্রাসন উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান খান ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে বাঁশের বেড়া উচ্ছেদের দাবি জানিয়ে আবেদন করেন। লিখিত অভিযোগে বলা হয়, চর শালেপুর, শালেপুর ও ভাটি শালেপুর গ্রামের দুই শতাধিক জেলে পরিবার বছরের পর বছর ওই এলাকার পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। প্রায় ২৫ দিন আগে আমীর খান ও তাঁর সহযোগী কাশেম খান অবৈধভাবে পদ্মা নদীতে আড়াআড়িভাবে আধা কিলোমিটার অংশে বাঁশের বেড়া ও নেটজাল দিয়ে মাছ শিকার শুরু করেন। তাঁরা ওই এলাকার কোনো মৎস্যজীবীকে মাছ ধরতে দিচ্ছেন না। এতে মৎস্যজীবী পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
ভাটি শালেপুর গ্রামের জেলে মো. জালাল বলেন, ‘গত বৃহস্পতিবার দিবাগত রাতে আমিসহ স্থানীয় কয়েকজন ওই এলাকায় মাছ ধরতে গেলে বেড়া দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত ব্যক্তিরা আমাদের জাল কেড়ে নেয়। এ সময় আমাদের মারধর করা হয়।’
কাশেম খান দাবি করেন, পদ্মায় কোনো বাঁশের বেড়া দেওয়া হয়নি। চরভদ্রাসন ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির নামে সেখানে প্যান-কালচার পদ্ধতিতে পোনা চাষ করা হচ্ছে। শুধু জাল পানিতে ভেসে যায় বলে বাঁশের সঙ্গে জাল বেঁধে রাখা হয়েছে।
আওয়ামী লীগের নেতা আনোয়ার মোল্লা বলেন, ওই এলাকায় প্যান-কালচার পদ্ধতিতে পোনা চাষ করা হচ্ছে। এ কাজে ৫০-৬০ জন জেলে নিয়োজিত। ইতিমধ্যে তাঁদের ১০-১২ লাখ টাকা খরচ হয়েছে।
স্থানীয় ইউপির চেয়ারম্যান কে এম ওবায়দুর বারী বলেন, ‘ওখানে প্যান-কালচার পদ্ধতিতে মাছ চাষ করার কথা শুনেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে কী হয়েছে তা আমার জানা নেই।’
ইউএনও মাহবুব হাসান বলেন, মৎস্য আইনে মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে সেখানে প্যান-কালচার পদ্ধতিতে পোনা চাষে কারও কোনো আপত্তি নেই। তবে বেড়া দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরও বলেন, ‘আমি জানতে পেরেছি, ওখানে বর্তমানে বাঁশ ও জাল দিয়ে ফাঁদ পেতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত করে মাছ ধরা হচ্ছে। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেব।’