মাছ ধরতে পারছেন না লাখো জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডবে মাছ ধরতে পারছেন না ছয় হাজারের বেশি ট্রলারের লাখো জেলেশ্রমিক। সাগর থেকে মাছ ধরে ফিরে আসার পথে সংঘবদ্ধ দস্যু দল ট্রলারে হামলা চালিয়ে লুট করছে আহরিত মাছ, জাল ও ইঞ্জিন। অনেক সময় ট্রলার লুটের জন্য জেলেদের হাত-পা রশি দিয়ে বেঁধে সাগরে নিক্ষেপ করা হচ্ছে।গত তিন মাসে জেলার সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সাগর উপকূলে জলদস্যুদের হামলা ও গুলিতে অন্তত ১৬ জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৪৭ জন এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক জেলে।জেলেরা জানান, গত ৩০ মার্চ সন্ধ্যায় সেন্ট মার্টিন দ্বীপসাগরে তিনটি ট্রলারে করে অর্ধশতাধিক দস্যু মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে ফেলে। তারপর ১২ জেলেকে সাগরে নিক্ষেপ করে ট্রলারটি নিয়ে যায় তারা। পরে অন্য একটি ট্রলার ভাসমান জেলেদের উদ্ধার করে সেন্ট মার্টিন দ্বীপে তুলে দেয়। ট্রলাটির মালিক টেকনাফের জালিয়াপাড়ার আবুল কাশেম জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনি ওই ট্রলারের খোঁজ পাননি। ২৪ মার্চ উখিয়ার রেজু খালের মোহনায় দস্যুরা পটুয়াখালীর কুয়াকাটা এলাকার বেলাল হোসেনের একটি ট্রলার লুট করে। এ সময় দস্যুদের প্রহার ও গুলিতে আহত হন ১৬ জেলে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচ জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে ১০০ কিলোমিটার সাগরে ৯১টি ট্রলারে জলদস্যুরা লুটপাট চালিয়েছে। হত্যা করেছে দুটি ট্রলারের ১৬ জেলেকে। এ পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৪৭ জেলে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জলদস্যুদের গ্রেপ্তার এবং সাগরে মাছ ধরার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়ে ট্রলার-মালিক ও জেলেশ্রমিকেরা যৌথভাবে আন্দোলন করেও কোনো ফল পাচ্ছেন না।খোঁজ নিয়ে জানা গেছে, সাগর উপকূলে ২০টি জলদস্যু বাহিনী মাছ ধরার ট্রলার, পণ্যবাহী দেশি-বিদেশি জাহাজ ও চোরাচালানের কার্গোতে লুটপাট চালাচ্ছে। দস্যু বাহিনীতে সদস্য রয়েছে পাঁচ শতাধিক। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, গত ২৮ জানুয়ারি এই ২০টি জলদস্যু বাহিনীর নাম ও নিখোঁজ জেলেদের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ইতিমধ্যে সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে কুতুবদিয়ার দস্যুসম্রাট রমিজ, মহেশখালীর জাম্বু বাহিনীর প্রধান মোকাররম হোসেন ওরফে জাম্বুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সাগরকে দস্যুতামুক্ত করার চেষ্টা চলছে। দস্যুতার কারণে মাছের উত্পাদন কমে গেছে।জেলা মত্স্য বিভাগ সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জেলায় মাছ আহরণ হয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন। এর মধ্যে ইলিশ ৩৪ হাজার ৯৪৮ মেট্রিক টন। অথচ আগের অর্থবছরে একই সময়ে মাছ আহরণ হয়েছিল এক লাখ আট হাজার মেট্রিক টনের বেশি। জেলা মত্স্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন সাগরে মাছ ধরছে ছয় হাজার ২৫৮টি ট্রলার। জেলা মত্স্য কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, সাগরে দস্যুতা বন্ধ করা না গেলে মাছের উত্পাদন এ বছর ১০ হাজার মেট্রিক টন কমে যেতে পারে।