নৌযান শ্রমিকদের ধর্মঘট চলাকালে ট্রলারে সন্ত্রাসী হামলার কারণে গভীর সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ট্রলার মালিকদের দুটি সংগঠন। গতকাল রোববার চট্টগ্রামের আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আহসান ইকবাল চৌধুরী। এ সময় মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশন ও মেরিন ফিশারিজ একাডেমির এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। মালিকদের দুটি সংগঠনের আওতায় ২৫০টি ট্রলার রয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গত বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। তবে এই ধর্মঘটের সঙ্গে গভীর সাগরে মাছ ধরার বড় জাহাজ হিসেবে পরিচিত ট্রলারের নাবিকদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন আহসান ইকবাল চৌধুরী। তিনি বলেন, ‘গত বুধবার মৎস্য শিকারি জাহাজি শ্রমিকের নামে কর্ণফুলী নদীতে অবস্থানরত আট থেকে দশটি সমুদ্রগামী মাছ ধরার ট্রলারে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় দুজন ক্যাপ্টেন গুরুতর জখম হন। এ ঘটনার পর ট্রলারের ক্যাপ্টেন ও নাবিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগ করেন, হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা ছিল না। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত ট্রলারের ক্যাপ্টেনদের সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য জোর করতে পারি না। এ কারণে গভীর সাগরে মাছ ধরা কার্যক্রম থেকে বিরত থাকব আমরা।’
আহসান ইকবাল চৌধুরী বলেন, মাছ ধরার বড় জাহাজ হিসেবে পরিচিত ট্রলারগুলো আন্তর্জাতিক কনভেনশনের আওতায় পরিচালিত হয়। এই খাতে হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এসব ট্রলারে শ্রমিকেরা কাজ করেন না। নাবিকেরা কাজ করেন। ফলে ধর্মঘটের নামে হামলা করার যৌক্তিকতা নেই। আবার এসব ট্রলারে নাবিকদের গেজেটে নির্ধারিত বেতন-ভাতার চেয়ে বেশি বেতন প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মশিউর রহমান চৌধুরী, সদস্য এম এ কাদের, ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জাবেদ নজরুল ইসলাম, মেরিন ফিশারিজ একাডেমির এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ক্যাপ্টেন ইমরান হোসেন প্রমুখ।