মাছ ধরা ঘিরে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগন্তুকদের জন্য তৈরি  করা হয়েছে কয়েকটি প্যান্ডেল। তার পাশে বসেছে চা-বিস্কুট ও মিষ্টির দোকান। বিক্রি হচ্ছে বিভিন্ন ফল। শিশুদের চাহিদার কথা ভেবে ফেরি করে বিক্রি হচ্ছে রং-বেরঙের বেলুন, বাঁশি আর খেলনা। দূরের মানুষের মোটরসাইকেল ও বাইসাইকেল নিরাপদে রাখতে ব্যবস্থা করা হয়েছে গ্যারেজের।

গত শনিবার মাছ ধরার জন্য এভাবেই সেজেছিল ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ। তা একসময় পরিণত হয় মাছ ধরার উৎসবে। আর এ উৎসবে জাল, খইয়া জাল, পলো ও মাছ রাখার খালুই নিয়ে যোগ দেয় গ্রাম ও শহরের শত শত মানুষ। মাছ ধরার এ আয়োজনকে ঘিরে বুড়ির বাঁধ এলাকা পরিণত হয় মিলনমেলায়। শনিবার শুরু হয়ে এই আয়োজন গতকাল রোববারও চলেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষিজমির সেচসুবিধার জন্য এলাকায় একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলোর দেখভাল করে ইউনিয়ন পরিষদ (ইউপি)। এরপর বছরের এই দিনে এসব মাছ গ্রামবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মাছ ধারার দিন সেখানে চলে উৎসব। এভাবেই বছরের পর বছর ধরে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার উৎসব চলে আসছে।

মাছের পাইকার রমজান আলী জানান, তিনি খবর পাওয়ার পর শনিবার ভোরে বাঁধে চলে আসেন। এসেই বিভিন্ন জাতের মাছ কিনতে শুরু করেন।

সদর উপজেলার চিলারং ইউপির চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, প্রতিবছর এখানে মাছ ধরাকে কেন্দ্র করে মেলা জমে যায়। শুধু গ্রাম নয়, শহরের অনেক মানুষ এখানে মাছ ধরার জন্য ভিড় করে। পানিতে যখন জাল পড়তে থাকে, এ দৃশ্য দেখে মন ভরে যায়।