মাছ ধরা নিয়ে ঝগড়া, তোপের মুখে সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব পাড়ে বরইকুড়ি গ্রাম, পশ্চিমে বাগসারা। মাঝখানে রাজশাহীর পবা উপজেলার বারনই নদ। এ নদে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের ঝগড়া। গতকাল শুক্রবার এ নদে মাছ ছাড়তে এসে স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন বরইকুড়ি গ্রামের মানুষের তোপের মুখে পড়েন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি বারনই নদের বরইকুড়ি এলাকায় শূন্য দশমিক ৫ হেক্টর এলাকায় সরকারিভাবে মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কয়েক দিন আগে নির্ধারিত এলাকা জাল দিয়ে ঘেরা হয়। বাগসারা এলাকার লোকেরা নদের ওই জায়গার দখল নেবে বলে গতকাল সকালে বরইকুড়ি এলাকার লোকজনের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। তা প্রতিরোধে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠি হাতে নদের পাড়ে আসে বরইকুড়ি গ্রামের লোকজন।
এলাকাবাসী বলেন, বেলা তিনটার দিকে পবা-মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন নদে আনুষ্ঠানিকভাবে মাছ ছাড়তে আসেন। তিনি নদের পশ্চিম পাড়ে এসে দাঁড়ান। সেই পাড়ে ছিল বাগসারা গ্রামের লোকজন। এ সময় সাংসদ বরইকুড়ি গ্রামের মানুষের তোপের মুখে পড়েন। তারা নদের ওপাড় থেকে সাংসদকে জেরা করতে থাকে। বলে, সবার জন্য মাছ ছাড়তে হলে বেড়া খুলে দিতে হবে। সাংসদ নদের এপাড় থেকে তাদের বোঝানোর চেষ্টা করেন। বলেন, মাছ সবাই পাবেন। বরইকুড়ির লোকজন বলে, বাগসারা গ্রামের লোকেরাই এ মাছ ধরে নিয়ে যাবে। একপর্যায়ে সাংসদ উত্তেজিত হয়ে ওঠেন। তখন বরইকুড়ির লোকজন হাতের লাঠি ফেলে দেয়। সাংসদ দুই গ্রামের ২০ জন করে প্রতিনিধি নিয়ে কমিটি করেন। তাদের মাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। পরে মাছ ছাড়া হয়।
সাংসদ আয়েন উদ্দিন বলেন, বরইকুড়ি গ্রামের লোকদের মধ্যে ভুল ধারণা ছিল। এ জন্য তারা একটু উত্তেজিত হয়েছিল। তিনি মীমাংসা করে দিয়েছেন।