মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার সকালে উপজেলার চোহদী গ্রামে ইসমাইল মিয়া ও মনির মিয়ার সমর্থিত লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত ইসমাইল মিয়ার বাড়ি চোহদী গ্রামে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী গতকাল মঙ্গলবার কুলিয়ারচর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকালে চোহদী গ্রামের একটি ডোবায় ইসমাইল মিয়ার প্রতিবেশী মনির মিয়া মাছ ধরছিলেন। ডোবাটি নিজের দাবি করে ইসমাইল এতে বাধা দেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইসমাইল মিয়া দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইসমাইল মিয়ার স্ত্রী হাবিয়া বেগমের অভিযাগ, ‘মনির মিয়া দখলবাজ। এখন আমাদের জমি দখল করার চেষ্টা করছে। মাছ ধরার অজুহাতে তিনি আমাদের জমির ওপর দখল প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন।’অভিযোগ অস্বীকার করে মনির মিয়ার ছেলে জুবায়ের মিয়া বলেন, ‘আমরা উন্মুক্ত বিলে মাছ ধরছিলাম। এ সময় ইসমাইল মিয়ার লোকজন আমাদের ওপর হামলা চালায়।’ কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, হত্যা মামলায় মনির মিয়া, আনিসুর রহমান, জোবায়ের মিয়াসহ নয়জনের নাম উল্লেখ করা হয়।