মাছ ধরা নৌকায় ডাকাতি
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের বার বাইন নামক চ্যানেলে গতকাল মঙ্গলবার ভোরে তিনটি মাছ ধরা নৌকায় ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের হামলায় আট জেলে আহত হন।
ডাকাতেরা মাছ ও জালসহ নয় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
মাছ ধরা নৌকার মালিক ও আহত জেলেরা বলেন, তিন দিন আগে এফবি ফাতেমা, এফবি রিনা ও এফবি মায়ের দোয়া নামের তিনটি মাছ ধরা নৌকা সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার ভোরে কূলে ফেরার আগে বার বাইন নামক স্থানে জলদস্যুরা ওই তিনটি নৌকায় হামলা চালায়। পরে জলদস্যুরা মাছ, জাল ও তেল লুট করে নিয়ে যায়। এ সময় জলদস্যুদের হামলায় আহত হন জেলে মো. মোনাফ, আবদুর রহমান, মোহাম্মদ মোকতার, মোহাম্মদ আলী, খোরশেদ আলম, মো. জসিম, মোহাম্মদ হাসান ও মো. আয়ুব। আহত ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।