মাছ ধরার অধিকারের দাবিতে হাওরবাসীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ভাসান পানিতে মাছ ধরার অধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। এসব দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

গতকাল সকাল ১০টায় গণসংহতি আন্দোলন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দেওয়ান আবদুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ওয়াজিবুল্লাহ, আজিজুর রহমান, মোজাম্মেল হকসহ স্থানীয় কয়েকজন কৃষক।

বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার ও অসৎ রাজনৈতিক নেতাদের লুণ্ঠন ও গাফিলতির কারণেই হাওরের এই বিপর্যয় হয়েছে। যাঁদের অবহেলায় বাঁধের মেরামত ও সংস্কারে বিলম্ব হয়েছে, তাঁদের যথাযথ বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফ করে নতুন সুদমুক্ত কৃষিঋণ প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের সংকট সমাধানকল্পে নিকলীসহ সমগ্র হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।

বক্তারা আরও বলেন, হাওরবাসীর প্রধান দাবি হাওরের ইজারাপ্রথা বাতিল করে সব ক্ষতিগ্রস্ত জেলেকে মুক্তভাবে মাছ ধরার অধিকার প্রদান। কিন্তু হাওরে এত বড় ক্ষতি হওয়ার পরও সেখানকার ভুক্তভোগী ব্যক্তিদের অকালবন্যার ক্ষতি কাটিয়ে ওঠার ব্যবস্থা করার দাবিটি সরকার এখনো বাস্তবায়ন করছে না। হাওরের অনেক কৃষক এখন তাঁদের প্রধান ফসল ধান হারিয়ে, মাছ ধরার অধিকার না পেয়ে সারা দেশে ছুটছেন জীবিকার সন্ধানে। এমনকি তাঁদের সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে হাওরবাসীর দুর্দশা লাঘবে অবাধে মাছ ধরার অধিকারসহ সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

গতকাল উপস্থাপিত অন্যতম দাবিগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রেশনিংয়ের ব্যবস্থা, ব্যাংকঋণ ও এনজিও ঋণ বাতিল, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যান এবং তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।