মাছ ধরার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকজনের জন্য তৈরি করা হয়েছে কয়েকটি প্যান্ডেল। তারই পাশে বসেছে চা-বিস্কুট-মিষ্টির দোকান। বিছানা পেতে মাটিতে বসে বিক্রি হচ্ছে বিভিন্ন ফল। শিশুদের জন্য বিক্রি হচ্ছে নানা রঙের বেলুন, বাঁশি আর খেলনা। মোটরসাইকেল-বাইসাইকেলের জন্য গ্যারেজ। গতকাল শনিবার মাছ ধরার জন্য এভাবেই সেজেছিল ঠাকুরগাঁও সদর উপজেলার পুরোনো বুড়ির বাঁধ। তা একসময় মাছ ধরার উৎসবে পরিণত হয়। এলাকাবাসী ও স্থানীয় চিলারং ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষিজমির সেচসুবিধার জন্য এলাকায় একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। গেটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর সরকারের মৎস্য কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলো যাতে কেউ ধরতে না পারে, তা দেখভাল করে ইউনিয়ন পরিষদ। এরপর বছরের এক দিন সে মাছ শিকার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বছরের পর বছর ধরে বুড়ির বাঁধ এলাকায় এভাবেই মাছ ধরার উৎসব চলে আসছে। গতকাল সকালে সরেজমিনে বুড়ির বাঁধ এলাকায় দেখা গেছে, মানুষ হাতে জাল, খইয়া জাল, পলো ও মাছ রাখার খলুই নিয়ে স্লুইসগেটের পানিতে সারি সারি দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরছে। আর বাঁধের ওপর দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে তাদের বন্ধু-বান্ধব ও স্বজনরা। প্রতিনিয়ত মাছ ধরার জন্য তাদের সঙ্গে যোগ দিচ্ছে নতুন নতুন মানুষ।সেখানে ভিড় করেছে পাইকারের দল। তাঁরা আবার এলাকার অনেকের কাছ থেকে মাছ কিনে সেই মাছ বাঁধের ওপর বিক্রি করছেন। তাঁরা পাঁচমিশালি ছোট মাছ বিক্রি করছেন প্রতি কেজি ৭০-৯০ টাকা, সিলভার কার্প ৭০-৮০ টাকা, রুই ১৫০-১৮০ টাকা, সরপুঁটি ৮০-৯০ টাকা দরে।মাছের পাইকার রমজান আলী জানান, তিনি খবর পাওয়ার পর গতকাল ভোরেই বাঁধে চলে আসেন। এসেই বিভিন্ন জাতের মাছ কিনতে শুরু করেন। এ পর্যন্ত ৩০ হাজার টাকার মাছ কিনেছেন। আর সেগুলো সরবরাহ করেছেন শহরের বিভিন্ন বাজারে। এ থেকে তাঁর বেশ লাভ হবে বলে তিনি আশা করেছেন।মাছ ধরতে আসা আকচা গ্রামের আবদুর রশীদ বলেন, ‘প্রতিবছর আমরা এ দিনটির জন্য অপেক্ষা করে থাকি। সকাল থেকে দুপুর পর্যন্ত সাত-আট কেজি ছোট-বড় মাছ ধরেছি। আত্মীয়স্বজনের মধ্যে বিতরণের পর যা থাকবে তা বাড়ির সকলে খাব।’ ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার মো. মনিরুল হুদা জানান, তিনি বন্ধুদের নিয়ে প্রতিবছর এখানে এসে মাছ ধরেন। মাছ ধরার পাশাপাশি একটু বিনোদন হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, ‘প্রতিবছর এখানে মাছ ধরাকে কেন্দ্র করে মেলা জমে যায়। শুধু গ্রাম নয়, শহরের অনেক মানুষ এখানে মাছ ধরার জন্য ভিড় করে। পানিতে জাল পড়ার দৃশ্য দেখে মন ভরে যায়। আমরা এ উৎসবটি বছরের পর বছর ধরে রাখতে চাই।’