মাছ ধরার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতাধিক মৎস্যজীবী উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার দাবিতে গতকাল রোববার সিলেট বিভাগীয় কমিশনারের বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রভাবশালীদের বাধার কারণে তাঁরা উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
কয়েকজন মৎস্যজীবী জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও, মদিপুর, পাইলগাঁও, আলাগদি ও হাড়গ্রামের প্রায় দুই হাজার পরিবার সরকার-ঘোষিত উন্মুক্ত জলাশয় কাঞ্চা ও বিবিয়ানা প্রথম খণ্ড জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। ওই জলাশয়ে মাছ ধরতে গেলে সম্প্রতি তাঁদের বাধা দেন ও মারধর করেন জালালপুর গ্রামের আরশ আলী ও রমজান আলীর নেতৃত্বে কিছু প্রভাবশালী লোক।
মৎস্যজীবী নেতা এখলাছুর রহমান বলেন, ‘আমরা ওই পাঁচ গ্রামের দুই হাজার পরিবার সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি। এখন অমৎস্যজীবীরা জোর করে ওই জলাশয়ে মাছ ধরছেন।’
এ ব্যাপারে রমজান আলী বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রশাসন দেখবে।’
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, ‘আমার ইউনিয়নের দরিদ্র মৎস্যজীবীরা উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এখন তাঁদের মাছ ধরতে দেওয়া হচ্ছে না। তাই তাঁরা অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি আমি ইউএনওকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘মৎস্যজীবীদের স্মারকলিপি আমি বিভাগীয় কমিশনারের দপ্তরে পাঠানোর ব্যবস্থা করব। তবে আমি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের টোকেন ফির মাধ্যমে অনুমতিপত্র নিয়ে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে বলেছি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা টোকেন ফি জমা দিয়ে অনুমতিপত্রের জন্য আবেদন করেছেন।’