মাছ ধরার পাঁচটি নৌকায় ডাকাতি আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া পশ্চিম চ্যানেলে গত মঙ্গল ও বুধবার রাতে মাছ নিয়ে কূলে ফেরার পথে জলদস্যুরা পাঁচটি মাছ ধরার যন্ত্রচালিত নৌকায় (ফিশিং বোট) ডাকাতি করে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এ সময় জলদস্যুদের গুলিতে এক জেলে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত জেলেদের মধ্যে ছয়জনকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নৌকার মালিক আবুল কালাম জানান, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার অন্তত ২০টি ফিশিং বোট ১০ দিন আগে সোনাদিয়ার পশ্চিম চ্যানেলে মাছ ধরতে যায়। মাছ ধরে মঙ্গল ও বুধবার রাতে কূলে ফেরার পথে এফবি কাসেম আলী, এফবি কাসেম আলী-২, এফবি হাছিনা, এফবি জান্নাত বেগম, এফবি মায়ের দোয়া নামের বোট জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ওই পাঁচটি বোট আটক করে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় জলদস্যুদের গুলিতে জমির উদ্দিন নামের একজন জেলে গুলিবিদ্ধ হন। আহত হন আরও অন্তত ১৯ জন জেলে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।