মাছ ধরার প্রতিযোগিতা

মাদারীপুরে শকুনি লেকে গত শুক্রবার ভোর ৬টা থেকে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। দিনের পাশাপাশি রাতেও এই লেকে মাছ ধরার আয়োজন করে জেলা প্রশাসন।
মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিযোগীরা লেকের মিঠা পানিতে এক রাত দুই দিন মাছ ধরতে মাত্র চার হাজার টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেন। এতে অংশ নেন ৫০ জন প্রতিযোগী। প্রত্যেক প্রতিযোগী এক টিকিটে ছয়টি বড়শি নিয়ে লেকে মাছ ধরেন। দীর্ঘ এক কিলোমিটার লেকে ৩৬ ঘণ্টার এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা অংশ নেন। বড়শি দিয়ে মাছ শিকার করার আনন্দ-উদ্দীপনাকে জাগ্রত করতেই জেলা প্রশাসন এর আয়োজন করে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকে মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিযোগীরা। কেউ কেউ এই প্রতিযোগিতায় তাঁদের সহযোগীদের নিয়ে এসেছেন। তাঁদের মধ্যে কেউ বড় মাছ পেয়ে খুব খুশি, আবার কেউ আশানুরূপ মাছ না পেয়ে হতাশ। মাছ ধরার প্রতিযোগিতা দেখতে লেকপাড়ে জড়ো হন শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। উৎসমুখর পরিবেশে বড়শি দিয়ে রুই, কাতল, মৃগেল, শোল, গজারসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন মৎস্য শিকারিরা।
রাজধানী ঢাকা থেকে আসা এক মৎস্য শিকারি জাকির হোসেন বলেন, ‘আমি পেশায় একজন ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে এমন প্রতিযোগিতার কথা জানলেই সেখানে অংশ নিই। ভালোই লাগে বড়শি দিয়ে মাছ ধরতে। শখ করে আমি ও আমার কয়েকজন বন্ধু এই মাছ ধরার প্রতিযোগিতায় নামি।’
বরিশালের গৌরনদী উপজেলার চানশি থেকে আসা আলামিন খলিফা বলেন, ‘আমি দোকানদারি করি। বড়শি দিয়ে মাছ ধরতে অনেক ভালো লাগে। তাই এই প্রথম এই লেকে মাছ ধরতে এসেছি। এক টিকিটে ছয়টি বড়শি, তাই চারজন বন্ধু মিলে আমরা একত্রে বড়শি দিয়ে মাছ ধরছি।’
শুক্রবার সন্ধ্যায় মাছ ধরা দেখতে আসা দর্শনার্থী আরিফুর রহমান বলেন, পরিবারের সবাইকে নিয়ে ছুটির দিনে লেকের পাড়ে ঘুরতে এসে মাছ ধরার এমন দৃশ্য দেখে আরও বেশি ভালো লাগছে। প্রতিবছর বিশেষ বিশেষ দিনে প্রশাসন এমন প্রতিযোগিতার আয়োজন করলে আমরা দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারব।
মাদারীপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিস কুমার বলেন, ‘শকুনি লেকে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়। আর এই মাছগুলোকে রক্ষণাবেক্ষণসহ প্রতিযোগীদের মাঝে আনন্দ এবং দর্শনার্থীদের মাঝে ভালো লাগার একটি দৃশ্য ফুটিয়ে তোলার জন্যই আমরা আট বছর ধরে এই মাছ ধরার প্রতিযোগিতা আয়োজন করছি। এ ছাড়া গতকাল সন্ধ্যায় মাছ ধরা প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা তিন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। বিশেষ দিনগুলোতে উৎসমুখর পরিবেশে মাছ ধরার এই প্রতিযোগিতা অব্যাহত রাখতে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে প্রশাসনের পক্ষ থেকে।’