মাছ ধরার বাঁধ অপসারণ সরাসরি নৌ-চলাচল শুরু
সুনামগঞ্জ-মোহনগঞ্জ নৌপথে সুরমা নদীর শাখানদীতে মাছ ধরার সেই বাঁধটি অপসারণ করা হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে ওই পথে সরাসরি নৌ-চলাচল শুরু হয়েছে।সোমবার প্রথম আলোয় ‘মাছ ধরতে নৌপথ বন্ধ!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ‘কাউনাই-কালাপানি’ জলমহালের খাস-কালেকশনে থাকা আওয়ামী লীগের দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের পক্ষের লোকজন চিতল মাছ ধরতে নদীমুখে ‘পাটিবান’ (বাঁধ) দিয়েছিলেন। নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত বাঁধটি ছিল। এতে সুনামগঞ্জ-মোহনগঞ্জ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চসহ মালবাহী নৌযানগুলো বাঁ দিকে প্রায় এক কিলোমিটার ঘুরে চলাচল করছিল।স্থানীয় লোকজন জানান, সোমবার পর্যন্ত বাঁধটি তাঁরা দেখেছেন। মঙ্গলবার সকালে বাঁধের পরিবর্তে নদীতে বাঁশের কয়েকটি খুঁটি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নদীর এক পারে বেশ কিছু বাঁশ পড়ে থাকতে দেখছেন তাঁরা। এ সময় নৌযানগুলো ওই পথ দিয়ে গেলেও কাউনাই-কালোপানি জলমহালের ইজারাদারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।বাঁধের পাশে মুক্তারপুর গ্রামের কজন বাসিন্দা জানান, ইজারাদারের লোকজন এটি অপসারণ করেছেন। বাঁধটি পাহারার জন্য নদীর তীরে যে স্থাপনা তৈরি করা হয়েছিল, বাঁধের সঙ্গে সেটিও উধাও হয়ে গেছে।জলমহালে খাস-কালেকশনের দায়িত্বে থাকা সাংসদের ঘনিষ্ঠ যুবলীগের নেতা শামীম আহমদ ওরফে মুরাদের মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি ফোন ধরেননি। বাঁধ অপসারণের বিষয়টি নিশ্চিত করে সুখাইড়-রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন প্রথম আলোকে বলেন, ‘চিতল মাছের জন্য ওই বাঁধ দেওয়া হয়েছিল। কারা, কেন বাঁধ তুলে ফেলল, জানি না!’ বাঁধ অপসারণ করায় নৌযানগুলো এখন আগের মতোই ওই নৌপথ দিয়ে চলাচল করছে বলে ইউপির চেয়ারম্যান নিশ্চিত করেছেন।