মাছ ধরার ১৩টি ট্রলার ডুবে ৭১ জেলে নিখোঁজ
বাগেরহাটের দুবলারচর ও সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে ঝড়ে মাছ ধরার অন্তত ১০টি ট্রলার ডুবে গেছে। গত রোববার ভোরে ও বিকেলে ওই ঝড় হয়। এ ঘটনায় অর্ধশতাধিক জেলে নিখোঁজ রয়েছেন। এদিকে ভোলার চরফ্যাশনে মাছ ধরার তিনটি ট্রলার ডুবে ২১ জন জেলে নিখোঁজ রয়েছেন।
রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগ অভিযান চালিয়ে দুবলা জেলেপল্লির বিভিন্ন চর, ফেয়ার ওয়ে বয়া ও হিরণ পয়েন্ট এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলারের শতাধিক জেলেকে উদ্ধার করেছে।
বাগেরহাট কে বি বাজার মৎস্য আড়তদার সমিতির সভাপতি এস এম আবেদ আলী গতকাল দুপুরে জেলার বিভিন্ন এলাকার ১০টি ও খুলনার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। এ ছাড়া বাগেরহাটের অন্তত একটি ট্রলার নিখোঁজ আছে। ডুবে যাওয়া ১০টি ট্রলার হলো শরণখোলার অনুপ কুমার বিশ্বাসের এফবি মায়ের দোয়া, কামালের এফবি আরিফ, হাতেম মোল্লার এফবি রহিমা, আবদুল মান্নানের এফবি মান্নান, কচুয়া উপজেলার বগা এলাকার আবুল ব্যাপারীর এফবি সজল, একই গ্রামের আবুল বাওয়ালীর এফবি রূপক, মিজান ব্যাপারীর এফবি খান জাহান, সালাম আড়তদারের এফবি সাগর-২, রুস্তম বাওয়ালির এফবি আউয়াল ও নাম না জানা আরেকটি। আর এফবি শাহ জালালের মালিক খুলনার হানিফ ব্যাপারী। ঝড়ে বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট ও খুলনার অন্তত ৮০টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানান আবেদ আলী।
বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বগা গ্রামেরই ৪৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হয়েছেন ১১ জন। নিখোঁজদের মধ্যে এফবি আউয়ালের ১২ জন, এফবি শাহ জালালের ১৪ জন, এফবি রূপকের নয়জন ও এফবি সজলের ১২ জন আছেন।
নৌবাহিনীর তথ্য শাখাসহ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নৌবাহিনী ৩৫ জনকে, কোস্টগার্ড ৫৩ জনকে ও সুন্দরবন পূর্ব বন বিভাগ ১৩ জনকে উদ্ধার করেছে। এঁদের বাড়ি বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন এলাকায়। কোস্টগার্ড ও বন বিভাগের উদ্ধার করা ৬৬ জনের মধ্যে ৬৩ জনকে ট্রলারে করে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ তিনজনকে কোস্টগার্ডের দুবলারচর ফাঁড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, বনকর্মীরা দুবলা জেলেপল্লির আলোর কোলের চর থেকে ডুবে যাওয়া একটি ট্রলারের ১৩ জন জেলেকে উদ্ধার করেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মেহেদী মাসুদ বলেন, কোস্টগার্ড সুপতি, কচিখালী ও দুবলারচর স্টেশনের সদস্যরা গত রোববার বিকেল থেকে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধারে কাজ শুরু করেন। বৈরী আবহাওয়ার কারণে রাতে অভিযান বন্ধ রাখা হয়। গতকাল সকালে নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে আবারও অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল পর্যন্ত মোট ১০১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে গত শনিবার দিবাগত রাতে ঝড়ে চরফ্যাশন উপজেলার তিনটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এসব ট্রলারে ৫৮ জন জেলে ছিলেন। ৩৭ জন জেলে উদ্ধার পেলেও দুটি ট্রলারের ২১ জন জেলে গতকাল সোমবার পর্যন্ত নিখোঁজ রয়েছেন। দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন মৎস্য ব্যবসায়ী সভাপতি আব্দুস সালাম হাওলাদার বলেন, ঢালচরের পূর্বের মেঘনায় আবুল কালামের ট্রলার ২০ জন জেলে নিয়ে শনিবার রাত তিনটার দিকে ডুবে যায়। এ ছাড়া সাগরের মহিপুরের কাছে ঢালচরের আবদুর রহিম মাঝির ট্রলার ১৫ জন জেলে নিয়ে ডুবে যায়। ওই ট্রলারের ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন।
উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, শুকনাখালী মাছঘাটের শাহাবুদ্দিন মাঝির মাছ ধরার ট্রলারটি রোববার ভোরে সাগরের দক্ষিণ-পশ্চিম মোহনায় পাঁচবাম জলসীমানায় ডুবে যায়। এই ট্রলারের নয়জন জেলে নিখোঁজ।