
মৎস্য আইন অমান্য করে চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীতে ব্যাপক হারে মাছ ধরা চলছে। নদীটির ২০ কিলোমিটার এলাকায় বেড়া দিয়ে ৯ শতাধিক বাঁধ দিয়ে মাছ ধরছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এতে ডিমওয়ালা দেশি জাতের মাছ যেমন নিধন হচ্ছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচল ও পানির প্রবাহ।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন, ‘১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নদী বা প্রবহমান স্রোতোধারায় বেড়া বা বাঁধ দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ।’
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মতলব দক্ষিণ উপজেলার কাজীরবাজার থেকে মতলব উত্তর উপজেলার কালীপুর বাজার পর্যন্ত ২০ কিলোমিটার অংশে নদীর দুই পাশ ও মাঝে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। বেড়ার সঙ্গে ছোট ফাঁসওয়ালা মশারি জাল আটকানো। পানির উপরিভাগ থেকে নদীর তলদেশ পর্যন্ত জাল ছড়িয়ে মাছ ধরা হচ্ছে। পুঁটি, টেংরা, বেলে, রুই, কাতলা, আইড়সহ দেশি জাতের ছোট-বড় ডিমওয়ালা মাছ, জাটকা ও পোনা ধরছেন জেলেরা।
চরমুকুন্দি এলাকার মো. শাহালম, মো. ফরিদ ও মো. জয়নাল বকাউল, কাজীরবাজার এলাকার জামাল উদ্দিন ও ইসহাক গাজী, ফেরিঘাট এলাকার আবুল প্রধান এবং পশ্চিম বাইশপুরের অভিনয় দাস, রামেশ্বর দাসসহ ৩০ থেকে ৪০ জন স্থানীয় প্রভাবশালী নিজ নিজ এলাকায় নদীতে এভাবে মাছ ধরছেন।
চরমুকুন্দি এলাকার মো. ফরিদ বলেন, কয়েক বছর ধরেই এভাবে বেড়া দিয়ে মাছ ধরছেন তিনি। কেউ বাধা দেয়নি।
বাইশপুর এলাকার দুজন জেলে বলেন, তাঁরা শুধু জালের মালিক। বেড়ার মালিক বালুচর গ্রামের মো. ফয়েজ ও মো. মেজু। তাঁদের পেছনে আছেন একজন প্রভাবশালী ব্যক্তি। তবে তাঁর নাম বলতে পারবেন না। মো. ফয়েজ ও মো. মেজুর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
সিপাইকান্দি এলাকার বাসিন্দা গোলাম নবীর মন্তব্য, এভাবে মাছ ধরলে দেশি জাতের মাছ শেষ হয়ে যাবে। এসব বন্ধ করা জরুরি।
মতলব-ঢাকা নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ‘গ্রিন ওয়াটার’-এর সারেং শফিকুর রেজা বলেন, ধনাগোদায় প্রচুর বেড়া। এগুলোর কারণে কচুরিপানার জট লেগে থাকে। লঞ্চ চালাতে অসুবিধা হয়।
মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা মৎস্য কার্যালয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দু-তিন বছর ধরে নদীর ওই ২০ কিলোমিটারজুড়ে মতলব দক্ষিণ উপজেলার কাজীরবাজার, চরমুকুন্দি, পশ্চিম বাইশপুর, ফেরিঘাট, উত্তর বাইশপুর, বাইশপুর, মাছুয়াখাল, নায়েরগাঁও, শাহাপুর, চরলক্ষ্মীপুর, উদ্দমদী এবং মতলব উত্তর উপজেলার আমিরাবাদ, গাজীপুর, এনায়েতনগর, সিপাইকান্দি, ঠেটালিয়া, বিনন্দপুর, আমুয়াকান্দা, লক্ষ্মীপুর, নন্দলালপুর, দুর্গাপুর, কালীরবাজার, কালীপুরসহ ৩০টি এলাকায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় গড়ে ৩০টির বেশি বেড়া পাতা হয়েছে। এর মধ্যে কাজীরবাজার এলাকায় ৩০, চরমুকুন্দীতে ২০, পশ্চিম বাইশপুরে ৩০, সিপাইকান্দিতে ৩০, চরলক্ষ্মীপুরে ৫০, লক্ষ্মীপুরে ৪০, নায়েরগাঁওয়ে ৪৫, আমুয়াকান্দায় ৪০, কালীরবাজারে ৪০, আমিরাবাদে ৫০, কালীপুরে ৪৫ ও ফেরিঘাটে ১০টিসহ ৯ শতাধিক বেড়া পাতা হয়েছে।
সূত্রটি আরও জানায়, বছরে তিন-চারবার করে নদীর এসব স্থানে মাছ ধরা হচ্ছে। প্রতিটি বেড়ায় বছরে দুই মেট্রিক টন করে ৯ শতাধিক বেড়ায় ১ হাজার ৮০০ মেট্রিক টনের বেশি মাছ ধরা হচ্ছে। এসব মাছের বাজারমূল্য ৩৬ কোটি টাকা।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম এবং মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, বেড়া সরাতে গত ৬ আগস্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা বেড়া সরাননি। শিগগিরই এ ব্যাপারে অভিযান চালানো হবে।