মাছ নিধনের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামারের মালিক আলী আহাম্মদ দাবি করেছেন। রোববার রাতে উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকায় আলী আহাম্মদের মাছের খামারে এ ঘটনা ঘটে। খামারের মালিক আলী আহাম্মদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দক্ষিণ কলাবাগ এলাকায় একটি পুকুরে মাছ চাষ করেন তিনি। তাঁর পুকুর লাগোয়া আরও একটি পুকুর রয়েছে কলাবাগ খালপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসানের। কয়েকদিন ধরেই তাঁর পুকুরের মাছ নিয়ে যাচ্ছেন রাকিবুল ও তাঁর লোকজন। এ ঘটনার প্রতিবাদ করলে সম্প্রতি রাকিবুলের লোকজন তাঁকে মারধর করে। এ ঘটনার জের ধরে রোববার রাতে আলী আহাম্মদের পুকুরে বিষ ঢেলে দেয় রাকিবুলের লোকজন। গতকাল সোমবার সকালে পুকুর থেকে মাছ মরে ভেসে উঠতে থাকে। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে চাইলে তাঁকে রাকিবুলের পক্ষ নিয়ে স্থানীয় জাতীয় পার্টির নেতা মহিউদ্দিন, ফিরোজসহ অন্যরা নানা ধরনের হুমকি দিয়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত রাকিবুল হাসানের বাবা কলাবাগ খালপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এটা আমাদের নিজস্ব বিষয়। আমরা নিজেরা বসে বিষয়টির মীমাংসা করব। এটা পত্রপত্রিকায় লেখার কিছু নেই।’