মাছ বাঁচাতে বাইক্কা বিল এলাকায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমওয়ালা মাছ ধরা বন্ধ ও পোনা মাছের বৃদ্ধি নিশ্চিত করতে মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল অভয়াশ্রম এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ আদেশ ১৫ দিন পর্যন্ত বলবৎ থাকবে। এই ১৫ দিন বাইক্কা বিলের চতুর্দিকে দুই কিলোমিটার এলাকায় মাছ ধরা যাবে না। গতকাল সোমবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের হাইল হাওরের অভয়াশ্রম বাইক্কা বিল থেকে ডিমওয়ালা মা-মাছ ও পোনামাছ এখন হাওরের ভাসান পানিতে বেরিয়ে পড়ছে। কিন্তু মাছ শিকারিরা নির্বিচারে ডিম ছাড়ার আগেই মা-মাছ ও বেড়ে ওঠার আগেই পোনামাছ মেরে ফেলছে। এতে বাইক্কা বিল এলাকায় মাছের ডিম ছাড়া ও পোনামাছ বড় হওয়া নিশ্চিত করতে গতকাল থেকে বাইক্কা বিল অভয়াশ্রমের চতুর্দিকে দুই কিলোমিটার এলাকায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশফাকুল হক চৌধুরী ১৪৪ ধারা জারি করেন। এই আদেশ ১৮ জুন পর্যন্ত বলবৎ থাকবে। ১৪৪ ধারা জারির বিষয়টি গত রোববার থেকে এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে।শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অভয়াশ্রমের মাছ রক্ষার জন্য কত দিন ধরে কাজ করছি। এখন বিল থেকে মাছ বের হয়ে ডিম ছাড়বে। যাতে ডিমওয়ালা মাছ ধরতে না পারে এবং পোনামাছ বড় হতে পারে, এ জন্য এই ব্যবস্থা।’