মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজারে হামলা চালিয়ে মাছবাজার তছনছ ও টাকা লুটের ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবিতে চার দিন ধরে ওই বাজারে মাছ ও শুঁটকি বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
মুন্সীবাজারের মৎস্য আড়তদার আখতার হোসেন অভিযোগ করে বলেন, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সাজিম আহমদ তরফদার গত রোববার সন্ধ্যায় বাজারের মাছবিক্রেতা জগলুকে ডেকে নিয়ে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদ করলে সাজিমের লোকজন মাছবাজারে হামলা চালিয়ে তছনছ করে মাছ রাস্তায় ফেলে দেন। হামলায় জগলু ও সেলিম নামের দুই মাছবিক্রেতা আহত হন।
হামলাকারীরা তাঁর (আখতার) ২ লাখ ৭২ হাজার টাকা লুটে নিয়ে মোট ১৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে রোববার রাত থেকে মুন্সীবাজারে মাছ ও শুঁটকি বিক্রি বন্ধ রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই বাজারে গিয়ে দেখা যায়, মাছ ও শুঁটকি বিক্রির স্থানগুলো খালি পড়ে আছে।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমদ তরফদার বলেন, সাজিম এক মাছ ব্যবসায়ীকে ঘরে ডেকে নিয়ে মারধর করায় এ সমস্যার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সাজিমের লোকজন চারদিক থেকে হামলা চালিয়ে মাছবাজার তছনছ করেছে।
সাজিম আহমদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় একটি চক্র কৌশল করে মুন্সীবাজারে মাছ ও শুঁটকি বিক্রি বন্ধ করাচ্ছে।