মাছ বিক্রেতাকে হত্যার দায়ে চা বিক্রেতার ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাঘারপাড় গ্রামের মাছ বিক্রেতা ভজন চন্দ্র দাসকে (২৮) হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল মঙ্গলবার আসামির উপস্থিতিতে ওই রায় দেন।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. সুরজামাল মিয়া (৩০)। তিনি ছোট শালজান গ্রামের বাসিন্দা। তিনি চা বিক্রেতা ছিলেন। এ অপরাধে আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ভজন চন্দ্র দাসের সঙ্গে পাশের গ্রামের চা বিক্রেতা সুরজামালের বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ২০১৫ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দা বাজারের মিলন মিয়ার রিকশায় করে দুর্গাপূজা দেখতে বের হন তাঁরা। এরপর ভজন আর বাড়ি ফেরেননি। পরদিন বন্ধু সুরজামালকে জিজ্ঞাসা করলে ভজন গভীর রাতে বাড়ি চলে গেছে বলে জানান। এর দুই দিন পর ভজনের বাবা সুনীল চন্দ্র দাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ অক্টোবর কলমাকান্দা পশ্চিম বাজার এলাকায় সতীশ মল্লিকের চালকলের পাশে নিচু জায়গায় বস্তায় ভর্তি ভজনের দেহ ও কিছু দূর থেকে মাথা উদ্ধার করে পুলিশ।