মাছ ব্যবসায় ধস, বিপাকে মৎস্যজীবীরা
বছরের এ সময়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর মৎস্যবন্দর বেশ জমজমাট থাকে। কিন্তু এ বছর সেই প্রাণচাঞ্চল্য নেই। দেশে চলমান অবরোধ ও হরতালে ধস নেমেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরে। পরিবহন-সংকটে এখান থেকে মাছ রপ্তানি বন্ধ হওয়ার পথে।
এ অবস্থায় মৎস্য খাতে লাখ লাখ টাকা লগ্নি করে বেকায়দায় পড়েছেন এখানকার শত শত আড়তদার-মহাজন। বেকার হয়ে পড়া মৎস্যজীবী ও বন্দরের কয়েক হাজার শ্রমিকের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
দুটি মৎস্যবন্দর ঘুরে দেখা গেছে, বন্দর এলাকা নীরব। আড়তগুলো প্রায় জনশূন্য। সাগর থেকে মাছ নিয়ে জেলেনৌকা ও ট্রলারগুলো আড়তে ফিরলেও আড়তদারেরা মাছ কেনায় আগ্রহ দেখাচ্ছেন না। এ কারণে সাগরে না গিয়ে ঘাটেই ভিড়ে আছে ট্রলার ও নৌকাগুলো। শ্রমিকেরাও বেকার বসে আছেন।
কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্তে অন্তত ১০০ আড়ত আছে। প্রতিটি আড়ত থেকে মৌসুমের এ সময়ে প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকার মাছ ঢাকা, যশোর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, খুলনা, ফরিদপুর ও বরিশালে বিক্রির জন্য পাঠানো হতো। এবার তা পারা যাচ্ছে না। তিনি জানান, বাজারমূল্য কমে যাওয়ায় জেলেরা সাগরমুখী হচ্ছেন না। আবার যেসব জেলে সাগর থেকে মাছ আনছেন, ঠিক সময়ে পরিবহন করতে না পারায় সেসব মাছের গুণগত মানও নষ্ট হচ্ছে।
মহিপুর মৎস্য বাজারের আড়তদার মজনু গাজী বলেন, ‘অবরোধ শুরুর প্রথম দিকে কিছু মাছ ট্রাক-পিকআপে মোকামে পাঠাইতে পারলেও এখন পেট্রলবোমার ভয়ে কোনো পরিবহন যাইতেও চায় না। আবার মোকামে গেলে আইতেও ডরায়। আমাগো এ বছর লোকসান ছাড়া উপায় নাই।’
আলীপুরের আড়তমালিক ইউসুফ আলী জানান, গত বছর এ সময়ে প্রত্যেক আড়তদার দৈনিক ১০ থেকে ২০ লাখ টাকার মাছ দেশের বিভিন্ন বাজারে পাঠিয়েছেন। এ বছর হরতাল-অবরোধে তা প্রায় বন্ধ হতে চলেছে।
উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া এলাকার চান মিয়া নামের এক জেলে বলেন, ‘আড়তদাররা এহন আমাগো মাছ কিনে না। দাদন নিছিলাম। ভাবছিলাম মাছ ধইরা শোধ করুম। কিন্তু আড়তদাররা মাছ না নেওয়ায় আমাগো আয়রোজগারও নাই। পোলাপান লইয়া কষ্টে আছি।’
শুধু চান মিয়া নন, মহিপুর-আলীপুর মৎস্যবন্দরের সঙ্গে যুক্ত কয়েক হাজার জেলে ও শ্রমিক পরিবারের সঙ্গে মৎস্য ব্যবসায়ী ও আড়তদারদেরও পথে বসার উপক্রম হয়েছে বলে জানান আলীপুর মৎস্যবন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা। তিনি জানান, মৌসুম শুরুর আগেই ব্যবসায়ীরা জেলেদের লাখ লাখ টাকা আগাম দাদন দিয়ে রাখেন। সাগরে মাছ ধরে তা আড়তদারদের কাছে বিক্রি করে দাদন শোধ করেন জেলেরা। কিন্তু এ বছর অবরোধ ও হরতালে অড়তদারেরা মাছ নিচ্ছেন না। এতে জেলেরা স্থানীয় বাজারে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জেলেদের কাছ থেকে কীভাবে দাদনের টাকা তুলবেন, তা নিয়ে চিন্তায় আছেন ব্যবসায়ীরা।
মহিপুর মৎস্যবন্দর আড়তদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকঋণসহ নানাভাবে ধারদেনা করে এত দিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন মৎস্য ব্যবসায়ীরা। কিন্তু চলমান সংকটে গত এক মাসে মৎস্য খাতে এ উপকূলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। দ্রুত এ সংকটের সমাধান না হলে এখানকার মৎস্যজীবী ও ব্যবসায়ীরা পথে বসবেন বলে আশঙ্কা করছেন তিনি।