মাছ ব্যবসায়ীদের ধর্মঘট পালিত
ছাত্রদের সঙ্গে সংঘর্ষের জের হিসেবে ঝিনাইদহ সদর উপজেলায় মাছ ব্যবসায়ীরা গতকাল রোববার ধর্মঘট পালন করেছেন।মাছ ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মৎস্যজীবী সমিতির সদস্য গোলাম নবীর মালিকানাধীন ডিজিটাল সাউন্ড নামের একটি মাইকের দোকানে শনিবার সন্ধ্যার দিকে সরকারি কে সি কলেজের কয়েকজন ছাত্র থার্টি ফার্স্ব নাইট উদ্যাপনের জন্য মাইক ভাড়া করতে যান। এ সময় আইন মহাবিদ্যালয় মার্কেটে ওই দোকানে ছাত্রদের সঙ্গে কাথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের মধ্যে গোলাম নবীসহ তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঝিনাইদহ জেলা মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি ওবায়দুর রহমান বলেন, ‘গোলাম নবী মাইকের ব্যবসার পাশাপাশি মাছের ব্যবসাও করেন। তিনি সমিতির সদস্য। তাই এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা গতকাল সারা দিন মাছ বিক্রি বন্ধ রেখেছি। বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’