মাছ-মুরগির ‘আকাল’ বেড়েছে ডালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকাল থেকেই বাজারে ঘুরছি। দাম এত চড়া যে মুরগি এবং মাছের বাজারে ঢোকাই মুশকিল। যেন মাছ ও মুরগির আকাল পড়েছে।’ গতকাল শনিবার বিকেলে রেয়াজুদ্দিন কাঁচাবাজারে আসা সরকারি কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন প্রথম আলোকে কথাগুলো বলছিলেন ক্ষোভের সঙ্গে। বাজারে ঢুকে দেখা গেল, গিয়াসউদ্দিনের কথা উড়িয়ে দেওয়ার মতো নয়। বড় বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৯০ টাকা। আর পাড়া-মহল্লায় বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এক সপ্তাহ ধরেই এ অবস্থা। মুরগির বাচ্চার দাম বৃদ্ধি এবং সরবরাহ কম থাকাকে এর জন্য দায়ী করেন বিক্রেতারা। রেয়াজুদ্দিন বাজারের মুরগিবিক্রেতা আবদুল মোনাফ জানান, এক সপ্তাহ আগে থেকেই ব্রয়লার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দামও চড়া। গত শুক্রবার দেশি মুরগির দাম এক লাফে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ৩২০ টাকা হয়েছে। এদিকে চট্টগ্রামের বাজারগুলোতে মাছের সরবরাহ কমে গেছে। রেয়াজুদ্দিন বাজারের মাছবিক্রেতা মো. মাঈনুদ্দিন বলেন, বাজারে এখন মাছের আকাল চলছে। দাম আগের চেয়ে অনেক বেশি। দাম বেড়ে ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মাছের বাজারে ক্রেতাদের আনাগোনাও কম। বাজার ঘুরে দেখা গেছে, সামুদ্রিক মাছের সরবরাহ না থাকায় দাম চড়া। সামুদ্রিক মাছ লইট্ট্যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ ছাড়া সাদা রূপচাঁদা ১০০০, বড় আকারের কালো রূপচাঁদা ৩৮০ ও ছোট আকারের ৩০০, বড় আকারের ইলিশ ৯০০ থেকে ১০০০ ও ছোট আকারের ৬০০, গলদা চিংড়ি ৫৫০ থেকে ৮০০, সুরমা ২২০ থেকে ৩৫০, লাক্ষা ৫০০ ও কোরাল ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের জোগান কম থাকায় এর চাপ পড়েছে মিঠা পানির মাছের ওপর। তেলাপিয়া বড় আকারের ১৫০, ছোট ১৩০, রুই ১৮০ ও মৃগেল ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৩০ টাকা বেশি। এদিকে বেড়েছে মসুর, চনা, মটর, খেসারি, মুগসহ বিভিন্ন ধরনের ডালের দামও। সব ধরনের ডালের দাম কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা করে। বাজার ঘুরে জানা গেছে, মসুর ও মুগ ডাল ১০৮, চনা ৭৫, খেসারি ৪৮, মটর ৪৫ ও ফেলন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই নম্বর গেইট কাঁচাবাজার ও রেয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে কাঁচা পেঁপে ছাড়া স্থিতিশীল রয়েছে অন্যান্য শাকসবজির দাম। জানা গেছে, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচা পেঁপের দাম চড়া হওয়ার কারণ জানতে চাইলে সবজিবিক্রেতা মো. রফিক পেঁপের মৌসুম না হওয়াকেই দায়ী করেন। এ ছাড়া বরবটি, কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। আর পটোল, শসা, বেগুন ১৫ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।