মাছ রক্ষায় খাল খননের দাবি

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙা খাল। এ খালে সারা বছরই পাওয়া যায় দেশি প্রজাতির বিভিন্ন মাছ। এর মাধ্যমে স্থানীয় লোকজনের চাহিদা যেমন মেটে, তেমনি ওই সব মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেকে।
তাই বর্ষা মৌসুমে এ খালের ডিমওয়ালা মাছ নিধন বন্ধ এবং খালটি খনন ও সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি বাড়িভাঙা গ্রাম এলাকায় নবগঙ্গা নদীর সঙ্গে মিশেছে। সেখান থেকে খালটি ব্রাহ্মণডাঙ্গা এবং চরব্রাহ্মণডাঙ্গার ভেতর দিয়ে বড়কুড়ি ও কানাবিল হয়ে গাছবাড়িয়ায় ইছামতী বিলের সঙ্গে মিশেছে।
মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা বছর পুঁটি, টেংরা, খয়রা, রয়না, পাবদা, বাইন, টাকি, শোল মাছসহ বিভিন্ন মাছ থাকে এ খালে। মাঝেমধ্যে খালে ‘গোন’ (টানা দুই-তিন দিন পর্যাপ্ত পরিমাণে মাছ ধরা পড়ে) পড়ে। তখন আশপাশের কয়েক উপজেলার নারী, পুরুষ ও শিশুরা জড়ো হয়ে খেপলা জাল, টানা জাল, আরিন্দা, ঘুণি, দোয়াড়, বড়শি, উছা, ভেসালসহ বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরায় মেতে ওঠেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, অনেক জেলে খালে মাছ ধরছেন। পাশাপাশি স্থানীয় লোকজন নিজেদের খাওয়ার জন্য মাছ শিকার করছেন।
চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের শিশু লিমন ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আকবর হোসেন বড়শি দিয়ে মাছ ধরছিলেন। তাঁরা জানালেন, নিজেদের খাওয়ার জন্য মাছ ধরা হচ্ছে।
মৎস্যজীবী কলাগাছি গ্রামের শ্যামল সরকার ও কাঞ্চনপুর গ্রামের চিত্তরঞ্জন শিকদার বলেন, গোনের সময় একবার খেপলা জাল ফেলে দুই-তিন কেজি এবং সুতিজাল ফেলে আট-নয় ঝাঁকা মাছ পাওয়া যায়। এলাকার ৪০ থেকে ৫০টি জেলে পরিবারের সংসার চলে এ খালের ওপর।
খালপাড়ের বাসিন্দা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের গোলাম কুদ্দুস বলেন, একসময় এ খালে প্রচুর পরিমাণে কই, শিং, মাগুর, বড় রুই, কাতলা, আইড় ও বোয়াল মাছ পাওয়া যেত। এখন তা তেমনটি নেই। তবে দেশি প্রজাতির অন্য মাছ আছে।
নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল হক বলেন, বর্ষা মৌসুমে ডিমওয়ালা মাছ ধরা ও সুতিজাল ব্যবহার বন্ধ করতে পারলে এবং খালটি খনন করলে আশপাশের জেলার মাছের চাহিদাও মেটানো সম্ভব হবে।
জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মণ্ডল বলেন, এই খালের ডিমওয়ালা মাছ ধরা বন্ধে গত বছর সচেতনতামূলক সভা করা হয়েছে। তবে এলাকার কয়েকটি মহলের ইন্ধনে বর্ষা মৌসুমে আড়াআড়ি বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ ধরা হয়। জেলা মৎস্য বিভাগ এ জন্য সচেতনতা সৃষ্টিতে কাজ চালিয়ে যাচ্ছে।