মাছ লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাপলা বিলের বৈধ ইজারাদারদের মারধর করে দীর্ঘদিন ধরে একদল দুর্বৃত্ত মাছ লুটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়ায় ওই ইজারাদারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকার অনেকে জানান, সরাইল ও নাসিরনগর উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত শাপলা বিলের জলমহাল গত পয়লা বৈশাখ থেকে সরকার তিন বছরের জন্য ইজারা দেয়। সরাইলের শাহজাদাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ওই ইজারা নেয়। ওই বিল ইজারা গ্রহণের পর থেকে সরাইলের বুড্ডা গ্রামের রইছ মিয়া ও ছাদেক মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক দুর্বৃত্ত জোর করে মাছ লুটে নিচ্ছে। বাধা দিলেই তারা ইজারাদারদের মারধর করে।
এ ঘটনায় ওই সমিতির সভাপতি ভরত চন্দ্র দাস ১৪ নভেস্বর রইছ, ছাদেকসহ ৬৬ জনের বিরুদ্ধে মারধর করে মাছ লুটের অভিযোগে মামলা দায়ের করেন। এতে আসামিরা ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার ইজারাদারদের লোকজনকে মারধর করে মাছ, নৌকা ও জাল লুট করে নেয়।
ভরত চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘মামলা করে এখন আমরা বিলেই যেতে পারছি না। মামলা করায় তারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি।’
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, আসামিরা খারাপপ্রকৃতির লোক। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।